০১:২৫ এম
টানা কয়েক ঘণ্টা ধরে অভিযান চলেছে। দুর্গম পাহাড়ে ড্রোন উড়িয়ে তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন বিভাগ অবশেষে লোকালয় থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার ভেতরে অসুস্থ স্ত্রী হাতির অবস্থান চিহ্নিত করেছে। বুধবার হাতিটিকে ট্রাঙ্কুলাইজ (অজ্ঞান) করে চিকিৎসা দেয়ার পরিকল্পনা করা হয়েছে বন বিভাগের পক্ষ থেকে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় হাতিটির সন্ধান মেলে। এর আগে ভোর থেকে একাধিক দলে বিভক্ত হয়ে তল্লাশি অভিযান শুরু হয়।
পুরুষ হাতিটি আহত সঙ্গীকে কখনো ছেড়ে যায়নি। কখনো সে পাশে হাঁটছে, আবার কখনো ধীরগতিতে চলা সঙ্গীর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। গত তিন দিন ধরে টেকনাফের পাহাড়ে বন্য হাতি দুটির এমন দৃশ্য দেখা গেছে।
আরও পড়ুন: সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা যেসব জেলায়
স্থানীয়দের মতে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক এলাকায় সোমবার ভোরে হাতি দুটিকে দেখা যায়। স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে এবং চামড়া উঠে গেছে। ব্যথার কারণে হাতিটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। পরে হাতি দুটি পাহাড়ের ভেতরে চলে যায়।
আহত হাতিটির খবর পেয়ে উদ্ধার ও চিকিৎসার উদ্যোগ নেয় বন বিভাগ। মঙ্গলবার ভোর থেকে অভিযান শুরু হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় শিলখালী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বনকর্মী, এলিফ্যান্ট রেসপন্স টিম ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
দুর্গম পাহাড়ে হাতিটির অবস্থান চিহ্নিত করতে ড্রোন ব্যবহার করা হয়। বনকর্মীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি চালান। দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযান শেষে বিকেল ৩টার দিকে লোকালয় থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার ভেতরে পাহাড়ের গভীরে অসুস্থ স্ত্রী হাতিটির অবস্থান চিহ্নিত করা হয়।
আরও পড়ুন: চকরিয়ায় অগ্নিকাণ্ডে দুই সহোদরের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন