০৩:৪৮ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না, তবে সংযুক্ত হচ্ছেন আরো নতুন দুই মুখ।
মন্ত্রিপরিষদে যুক্ত হওয়া নিয়ে আরো বেশ কয়েকজনের নাম আলোচনা চলছে, কিন্তু এই ধাপে বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম চূড়ান্ত করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার কিংবা রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। নতুন দুই সদস্য আগামী ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের পর তাঁর কাছ থেকে শপথ নেবেন। কারণ রাষ্ট্রপতি নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে শপথগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
আরও পড়ুন: হেফাজতে ইসলামের দাবি, ঢাবিতে সরস্বতীর মূর্তি নির্মাণ হিন্দুত্ববাদী ষড়যন্ত্রের অংশ
এটি বোঝায় যে ২২ আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি শপথ নিতে পারেন। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায় যে সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হবে। শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা কয়েক দিন ধরেই চলছে।
নতুন রাষ্ট্রপতি তাঁদের শপথ পড়াবেন। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের তিন দিনের মধ্যে শপথগ্রহণের বাধ্যবাধকতা থাকায় পরদিন ২১ আগস্ট শুক্রবার শপথ অনুষ্ঠান হতে পারে। এ ছাড়া ২২ আগস্টও ছুটির দিন রয়েছে। সেই লক্ষ্যে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরীকে আনার বিষয়টি পার্বত্য এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বান্দরবান থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও স্থানীয় উন্নয়ন ইস্যুকে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন: একাই লড়েছি, বিএনপি-জামায়াত পাশে দাঁড়ায়নি: মাহমুদুর রহমান
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শারীরিক অসুস্থতার কারণে গত ১ জুন তিনি পদত্যাগ করেন। অর্থাৎ প্রায় দুই মাসের মাথায় নতুন মন্ত্রী পেতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন মীর হেলাল।
এ ছাড়া গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ শামীম কায়সার লিংকন এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সব মিলিয়ে নতুন করে দুই সংসদ সদস্যকে মন্ত্রিসভায় যুক্ত করার মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় আরেক দফা পরিবর্তন আসছে। এখন দেখার বিষয় বৃহস্পতিবারই তাঁদের নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, নাকি শপথগ্রহণের জন্য ২০ কিংবা ২১ আগস্ট চূড়ান্ত করা হয়।
মন্ত্রিপরিষদের একজন প্রভাবশালী সদস্য কালের কণ্ঠকে জানিয়েছেন যে দুজনকে মন্ত্রিসভায় যুক্ত করা হচ্ছে। তাঁদের নাম ও মন্ত্রণালয় চূড়ান্ত করা আছে। আগামী ২০ আগস্ট ঘোষণার কথা রয়েছে। তাঁরা নতুন রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনী আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জানতে চাইলে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কালের কণ্ঠকে বলেন, 'এ বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে মন্ত্রিপরিষদসচিব বলতে পারবেন।'
জানতে চাইলে সংসদ সদস্য সাচিং প্রু জেরী কালের কণ্ঠকে বলেন, 'মন্ত্রিপরিষদে যুক্ত হওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই।'
উল্লেখ্য, বর্তমান মন্ত্রিপরিষদের মোট সদস্যসংখ্যা ৫০। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই মন্ত্রিসভা গঠিত হয়েছে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এ ছাড়া মন্ত্রিপরিষদের বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধাপ্রাপ্ত ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রী পদমর্যাদার।
এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে প্রস্তুতি চলছে। তবে শপথ অনুষ্ঠান কবে হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের তিন দিনের মধ্যে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
আরও পড়ুন: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক
ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মানোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম কালের কণ্ঠকে বলেছেন, 'রাষ্ট্রপতির শপথের জন্য বঙ্গভবনে প্রস্তুতি নেওয়া আছে। ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটের পর কোন দিন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে।'
শপথ অনুষ্ঠানের প্রস্তুতি প্রসঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত কালের কণ্ঠকে বলেন, 'নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ডিএমপির ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২,৪৪৭ মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন