০৩:৫৪ পি.এম
ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জামায়াত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, তারা বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে-সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও তাদের আশাবাদ ব্যক্ত করেন।
তারা ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে বলে আশাবাদও প্রকাশ করেছেন। বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত অর্ডিন্যান্সগুলোর সম্ভাব্য পরিণতি। জামায়াতের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে দু’পক্ষ পরস্পরের সঙ্গে মতবিনিময় করেন।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের উদ্যোগ, শতাধিক আইন প্রণেতার স্বাক্ষর
বৈঠকের সময় সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্দা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন। সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন