প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর শিক্ষা বোর্ড বর্তমানে তীব্র জনবল সংকটে ভুগছে। একাধিক শাখার অতিরিক্ত দায়িত্ব একজনের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা কাজের চাপে দিশেহারা হয়ে পড়েছেন। তাদের আশঙ্কা, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু না হলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দিতে পারে।
বোর্ড কর্তৃপক্ষ জানায়, চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কিছু শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া চলছে।
সূত্রের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল, সনদ ও প্রশাসনিক কাজের কেন্দ্রবিন্দু হলো যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। কিন্তু দীর্ঘদিনের জনবল সংকটের কারণে বোর্ডের কার্যক্রম বর্তমানে কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
অতিরিক্ত শূন্যপদের কারণে দাফতরিক কাজে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এই চাপ সামলাতে এক একজনের কাঁধে একাধিক শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনা বিভাগের ১০টি জেলা থেকে আসা সেবাগ্রহীতাদের সেবা দেওয়ার জন্য তারা প্রতিদিন চেষ্টা করছেন। এই কারণে সন্ধ্যার পরও কাজ করতে হচ্ছে তাদের।
কর্মরতদের দাবি, দ্রুত নিয়োগ না হলে ভবিষ্যতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দিতে পারে।
বোর্ডের উপ-সচিব শেখ আমিনুল ইসলাম বলেন, “আমাদের এখানে ১০টা জেলা থেকে বিভিন্ন সেবা প্রার্থীরা আসেন। আমরা তাদের সেবা দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আমরা সকাল ৯টায় জাস্ট টাইমে অফিসে ঢুকি। কিন্তু আমাদের যাওয়ার কোনো শেষ সময় নেই। বেশিরভাগ সময় রাত ৮টা ৯টা যেতে হয়। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় একজনের কাঁধে অনেক দায়িত্ব। যার ফলে আমাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে।”
উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখার সেকশন অফিসার মঞ্জুয়ারা বেগম বলেন, “এই শাখায় জনবল ছিল ছয়জন। সেখানে আমি একা ছয়জনের কাজ করছি। বাড়তি কাজের চাপে সন্ধ্যা পর্যন্ত করতে হয়। জনবল নিয়োগ দিলে কষ্টটা লাঘব হতো।”
অডিট অফিসার মো. খুরশিদ আলম মল্লিক বলেন, “আমাদের ম্যাক্সিমাম কর্মকর্তা-কর্মচারীদের দুটো করে দায়িত্ব। মূলপদের বাইরে অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব দেয়া হয়েছে। দুই পদে কাজ করতে যেয়ে কখনো কখনো সেবা একটু বিলম্বিত হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি প্রতিদিনের সেবাটা প্রতিদিনই দিতে।”
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী বলেন, “আমি পরীক্ষা নিয়ন্ত্রক হলেও আমাকে একসঙ্গে ছয়টি দফতরে কাজ করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো হচ্ছে পরীক্ষা সম্পাদন করা, তার সঙ্গে ফরমপূরণ আছে, সার্টিফিকেট প্রদান, ট্রান্সক্রিপ্ট প্রদান, ফলাফল তৈরি। পাশাপাশি আইসিটি বিভাগ দেখতে হয়। এ সবগুলো মিলে হচ্ছে আমার দফতর। লোকবল খুবই সীমিত কিন্তু কিছু অভিজ্ঞ আইটি বিশেষজ্ঞদের দিয়ে কোনোমতে চালিয়ে যাচ্ছি। ফলে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে কাজ সম্পন্ন করতে হয়।”
উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন বলেন, “তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু না করলে আগামী পাঁচ বছরে তো জনশূন্য হয়ে যাবে, বোর্ড মেধাশূন্য হয়ে যাবে। আর এর প্রভাব কেবল খুলনা বিভাগে প্রভাব পড়বে না, অল ওভার বাংলাদেশে প্রভাব পড়বে। এইজন্য আমাদের জনবল নিয়োগের ব্যাপারে প্রশাসন বা সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন