ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

দীপেন দেওয়ানের পদত্যাগে পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্বেগ


দীপেন দেওয়ানের পদত্যাগে পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্বেগ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, মন্ত্রীর পদত্যাগের কারণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা, মতামত ও জল্পনা-কল্পনা চলছে।

এই ঘটনা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে ঘিরে বিদ্যমান অনিশ্চয়তাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির যুগ্ম সমন্বয়ক মানবাধিকারকর্মী জাকির হোসেন এবং অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী এ উদ্বেগ জানান।

আরও পড়ুন: প্রবাসী কার্ড নিয়ে প্রতারণার বিষয়ে সতর্কতা জারি করল মন্ত্রণালয়

তারা অভিযোগ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ১০০ দিন অতিক্রম করলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিষয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ বা দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। ফলে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে দেশবাসী অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

মন্ত্রীর পদত্যাগকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জনমনে সন্দেহ ও উদ্বেগের জন্ম দিয়েছে।

তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের প্রাতিষ্ঠানিক অঙ্গীকার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এ লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি পুনর্গঠন এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে সক্রিয় করা জরুরি। একই সঙ্গে চুক্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ার অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের দাবি জানান তারা।

সরকারের প্রতি অবিলম্বে সময়সীমাবদ্ধ চুক্তি বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিবৃতিদাতারা। পাশাপাশি চুক্তির অন্যতম পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সঙ্গে অর্থবহ সংলাপ শুরুর দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখাতে সক্ষম হবে।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ায়নি সরকার : জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে ১৭ ফেব্রুয়ারি গঠিত মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার সাড়ে তিন মাসের মাথায় শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্রোহ ও ভাঙনের মুখে দলে পরিবর্তন আনলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


বিদ্রোহ ও ভাঙনের মুখে দলে পরিবর্তন আনলেন মমতা

বিধানসভায় হারের পর নানা সংকটে টানা তিনবার রাজ্য শাসন করা তৃণমূল কংগ্রেস (টিএমসি) এখন অভ্যন্তরে বিদ্রোহ ও ভাঙনের মুখে। তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র ক্ষমতা কমিয়ে দিয়েছেন।

নজিরবিহীন এই সংকট মোকাবিলা করতে প্রবীণ ও অনুগত নেতাদের ভূমিকা বাড়িয়ে দলে ব্যাপক পরিবর্তন আনেন তিনি।

এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে টিএমসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয়েছে, সে বিষয়ে কথা রয়েছে। যদিও পদ থাকলেও এককভাবে ক্ষমতা প্রয়োগ করা ঠেকানো হয়েছে এই টিএমসি নেতার জন্য। তিনি আর এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না, এমনকি অভিষেকের ক্ষমতা সীমিত করার জন্য রাজ্যসভার সদস্য ডেরেক ও'ব্রায়েন এবং দোলা সেনকে জাতীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় তিনজন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গনী ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি অটোরিকশা যাত্রী নিয়ে চলছিল। এ সময় দ্রুত গতির শাহ আলী নামক একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হয়। দুর্ঘটনার ফলে অটোরিকশাটি ভেঙে যায় এবং একটি যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বাধা সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গনী বলেন, নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের দাবি, নিহত তিনজনই দিনমজুর এবং তাদের বাড়ি রংপুর অঞ্চলে হতে পারে। তারা কাজের উদ্দেশ্যে এ এলাকায় এসেছিলেন বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


নাটোরে আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

নাটোরের সিংড়া উপজেলায় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। এই জালগুলো পরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার সারদানগর ও হুলহুলিয়া বিলে যৌথভাবে এ অভিযানটি পরিচালনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে মোট ৫৫টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছিল। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, জব্দ করা জালগুলো ধ্বংস করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেনও।

এ বিষয়ে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘চলনবিলে পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু অসাধু ব্যক্তি মা মাছ ও পোনা মাছ নিধনে নিষিদ্ধ জাল ব্যবহার করছে।

এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং নিয়মিত অভিযান চালানো হবে।’

তিনি আরো জানান, বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখা, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সামগ্রিক অপরাধ দমন কার্যক্রম জোরদারের লক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
শনিবার (৬ জুন) দুপুর ১২টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন। বিশেষ করে ক্রাইসিস ম্যানেজমেন্ট, অপরাধ প্রতিরোধ ও অপরাধ তদন্তে তাদের অভিজ্ঞতা বর্তমান পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং অপরাধ দমনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর), উপ-পুলিশ কমিশনার (ফোর্স), বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি), আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড সিটিটিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) এবং রাজশাহীতে বসবাসরত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।
সভা শেষে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%