০৯:২০ এম
চীন মার্কিন নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক সংঘাতের ঝুঁকি থাকা সত্ত্বেও ইরান থেকে কম মূল্যে তেল আমদানি অব্যাহত রাখবে বলে মনে করা হচ্ছে। কারণ এই তেল দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে এবং চীনা অর্থনীতিতে বড় পরিসরে ছাড়ের সুবিধা যোগায়।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসি’-র জ্যেষ্ঠ গবেষক এরিকা ডাউন্সের মতে, যেসব দেশ ইরানের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে চীনও রয়েছে, যারা গত বছর ইরানি অপরিশোধিত তেলের সর্ববৃহৎ ক্রেতা হিসেবে পরিচিত ছিল।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে এরিকা ডাউন্স বলেন, ‘ট্রাম্প প্রশাসন যদি ইরানি তেল পরিবহনের সাথে জড়িত চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করতে চায়, তবে তা মূলত একটি হিসাব-নিকাশের বিষয় হয়ে দাঁড়ায়: ট্রাম্প প্রশাসন কীভাবে ওইসব চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার লাভ এবং এর পেছনে জড়িয়ে থাকা ক্ষতির দিকটি পরিমাপ করছে।’
আরও পড়ুন: আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শেষ
তিনি আরও উল্লেখ করেন, মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা আঘাত হানার সক্ষমতা রাখে চীন। যার মধ্যে বিরল খনিজ উপাদান রফতানি সীমিত করার পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি জানান, চীন কর্তৃক ইরানি তেল আমদানি কিছুটা কমেছে বলে মনে হচ্ছে। তবে চীনা কাস্টমসের তথ্যে এই তেল মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো অন্যান্য দেশ থেকে আসা আমদানি হিসেবে লিপিবদ্ধ থাকায় বিষয়টি নিশ্চিত করা কঠিন।
তিনি আরও বলেন, মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পরও চীন ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি চালিয়ে গেছে। কেবল এপ্রিলের মাঝামাঝি সময়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করার পর এই সরবরাহের গতি কিছুটা ধীর হয়।
ডাউন্স জানান, হরমুজ প্রণালির বাইরে জলসীমায় এখনও বেশ কিছু ইরানি তেলের জাহাজ অবস্থান করছে, যা চীনে সরবরাহ করার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ইরান যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ চায়
তিনি এই মুহূর্তে মনে করেন না যে চীন তাদের ইরানি তেল আমদানি একদম শূন্যে নামিয়ে আনবে।
তিনি জানান, এর মূল কারণ হলো- ইরান থেকে চীনে তেল পৌঁছানোর প্রক্রিয়ায় যেসব প্রতিষ্ঠান জড়িত রয়েছে, প্রতিবার নতুন কোনো নিষেধাজ্ঞা দিলে তারা সেটির একটি বিকল্প পথ খুঁজে বের করার প্রবণতা দেখায়।
সূত্র: আল-জাজিরা।
আরও পড়ুন: বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব নির্বাচিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন