প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। মামলাটি গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী টুঙ্গিপাড়া থানায় দায়ের করেন।
মামলায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালুসহ) মোট আটজনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরো পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে টহল দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে তাদের পথরোধ করে। বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
মামলায় আরো উল্লেখ করা হয়েছে, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, "বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন