০৪:২১ পি.এম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশন গঠনে কমিশনার এবং চেয়ারম্যান নিয়োগের জন্য ৫ সদস্যের একটি সার্চ কমিটি গঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) এই সম্পর্কে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সার্চ কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন: হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে এই সার্চ কমিটি গঠন করা হয়েছে। আইন অনুযায়ী, সার্চ কমিটি দুদকের চেয়ারম্যান ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে ন্যূনতম দুজন করে প্রার্থীর নামের তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। পরে রাষ্ট্রপতি সেখান থেকে চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ দেবেন।
চলতি বছরের ৩রা মার্চ দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগপত্র জমা দেন।
২০০৪ সালে একটি স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরু করার পর, আজ পর্যন্ত সাতটি কমিশন দায়িত্ব পালন করেছে। যাদের মধ্যে ৪টি মেয়াদের আগে বিদায় নিয়েছে। তবে সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে শীর্ষ পদ পুরোপুরি শূন্য থাকার নজির এবারই প্রথম দেখা যাচ্ছে।
অবশেষে স্থবিরতা কাটাতে ৫ সদস্যের নতুন সার্চ কমিটি গঠন করেছে মন্ত্রপরিষদ বিভাগ। আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে এই কমিটি ৬ জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। সেই তালিকা থেকেই চূড়ান্তভাবে তিন সদস্যের নতুন কমিশন গঠন করা হবে।
আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন