০৫:৪৪ পি.এম
ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : লুইস দিয়াজের অসাধারণ একটি গোলে তারুণ্যনির্ভর বায়ার্ন মিউনিখ শুক্রবার হংকংয়ে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে পরাজিত করেছে।
কলম্বিয়ার বিশ্বকাপে শেষ ষোলোয় উঠতে দারুণভাবে পারফর্ম করা দিয়াজ বায়ার্নের জার্সিতেও আলো ছড়িয়েছেন।
গত মৌসুমে জার্মান লিগ ও কাপ জয়ী বায়ার্ন এবং ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিলার মধ্যে কিছুটা অগোছালো ম্যাচে তিনি ছিলেন অন্যতম আকর্ষণ।
আরও পড়ুন: আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শেষ
৩৭ মিনিটে বায়ার্ন এগিয়ে যায়। দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার কিম মিন-জায়ে ছয় গজ দূর থেকে ফ্রি-কিকের বলে মাথা ছুঁইয়ে বলকে জালে পাঠান।
দ্বিতীয়ার্ধে বায়ার্ন বেঞ্চ থেকে কয়েকজন তারকা খেলোয়াড়কে মাঠে নামায় এবং ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে। দিয়াজের একটি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ভিলার খেলোয়াড়েরা।
এদিকে, ৭৩ মিনিটে নিজের পরিচিত ভঙ্গিতে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াজ। বাম প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকে প্রতিপক্ষকে কাটিয়ে তার করা শক্তিশালী শটটি ক্রসবারে লেগে জালে প্রবেশ করে।
দিয়াজের অসাধারণ গোলটি কাই তাক স্টেডিয়ামের ৩৮ হাজার দর্শকের বড় অংশকে আনন্দিত করে তোলে। গ্যালারিতে বেশিরভাগ সমর্থকই ছিলেন বায়ার্নের।
আরও পড়ুন: বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব নির্বাচিত
৮৩ মিনিটে ব্যবধান কমায় ভিলা। নতুন চুক্তিবদ্ধ হুয়াও গোমেজের শটটি বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে কোনো সুযোগই দেয়নি।
এর কিছুক্ষণ পর ভিলা সমতায় ফেরার একটি দারুণ সুযোগ পায়। তবে কিংবদন্তি জার্মান গোলরক্ষক নয়্যার পোস্টের খুব কাছ থেকে টামি আব্রাহামের হেড ঠেকিয়ে দেন।
শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।
বায়ার্নের মাইকেল ওলিসে ও হ্যারি কেনসহ বিশ্বকাপের কয়েকজন তারকা হংকং সফরে যাননি।
আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে খুঁজতে গিয়ে নাপিত আটক, পুলিশ বলছে যুবলীগ কর্মী
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, “আমি খেলোয়াড়দের সত্যি বলেছি যে এই পারফরম্যান্সে আমি মুগ্ধ। কারণ আপনি জানেন এখানে কারা আছে এবং আবার কারা নেই। এই ধরনের ম্যাচে নেমে একই রকম অবস্থায় থাকা, বায়ার্ন মিউনিখের মতো খেলতে পারা অত্যন্ত কঠিন। শেষ ১০-১৫ মিনিট কিছুটা প্রাক-মৌসুমেরই প্রতিফলন ছিল-অনেক পরিবর্তন হয়েছে। একজন কোচ হিসেবে সেই অর্থে ম্যাচ নিয়ন্ত্রণ করা আরও কঠিন।”
এদিকে ইংল্যান্ডের মিডফিল্ডার মরগান রজার্স গত মাসে চেলসিতে যোগ দেওয়ার পর তাকে ছাড়া নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিচ্ছে ভিলা। रজার্সকে দলে নিতে চেলসি ১১ কোটি ৭০ লাখ পাউন্ড খরচ করেছে বলে জানা গেছে, যা ব্রিটিশ ফুটবলের ইতিহাসে একটি রেকর্ড অঙ্ক।
আগামী বুধবার ইউরোপিয়ান সুপার কাপে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে ভিলা। এরপর ২৩ আগস্ট প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ব্রাইটনের মাঠে খেলবে তারা।
অন্যদিকে বায়ার্ন ২৮ আগস্ট ঘরের মাঠে নতুন বুন্দেসলিগা মৌসুম শুরু করবে স্টুটগার্টের বিপক্ষে।
আরও পড়ুন: কপ৩১-এর জন্য তিন প্রধান অগ্রাধিকার জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন