১০:০৩ এম
দেশজুড়ে ব্যাপক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সোমবার (১ জুন) ইথিওপিয়ায় সংসদীয় ও আঞ্চলিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নানা প্রতিকূলতা সত্ত্বেও, এই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী আবি আহমেদের ক্ষমতাসীন ‘প্রসপারিটি পার্টি’ বড় ব্যবধানে জয়ী হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির মোট ১৩ কোটি ৫০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৫ কোটিরও বেশি মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু পরিবর্তন ও সহযোগিতা নিয়ে আলোচনা
নির্বাচনে ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী আবি আহমেদ দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা বজায় রাখার ঘোষণা দিয়ে বলেন, ইথিওপিয়ার জনগণ প্রমাণ করেছে যে নিজেদের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের বাইরের কারো পরামর্শের প্রয়োজন নেই। আগামী ৫ বছর দেশের জন্য ঐতিহাসিক একটি সময় হতে যাচ্ছে।
এদিকে আফ্রিকান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও কেনিয়ার সাবেক রাষ্ট্রপতি উহুরু কেনিয়াত্তা জানিয়েছেন, ভোটগ্রহণ সামগ্রিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
তবে দেশের একটি বড় অংশে তীব্র সংঘাতের কারণে নির্বাচন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দুই বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের ধকল কাটিয়ে উঠতে না পারা উত্তরাঞ্চলীয় টিগ্রে অঞ্চলে কোনো ভোটগ্রহণই করা সম্ভব হয়নি।
এ ছাড়াও নির্বাচন বোর্ডের চেয়ারপারসন মেলাটওয়ার্ক হাইলু জানিয়েছেন, নিরাপত্তাজনিত সংকটের কারণে আমহারা ও ওরোমিয়া অঞ্চলের ১৪৩টি ভোটকেন্দ্র একেবারেই খোলা যায়নি। দেশের দুইটি বৃহত্তম অঞ্চলেই বর্তমানে সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চলছে, যার ফলে বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় ভোট স্থগিত রাখতে হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের জলবায়ু পরিবর্তন নিয়ে বৈঠক
২০১৮ সালে ইথিওপিয়ার ক্ষমতায় আসেন আবি আহমেদ এবং ২০১৯ সালে প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার অবসান ঘটিয়ে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
তবে সাম্প্রতিক বছরগুলোতে তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের আটক ও দেশের অভ্যন্তরে নৃশংস সামরিক অভিযান চালানোর গুরুতর অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।
অভ্যন্তরীণ কোন্দলে খণ্ডিত ও দুর্বল বিরোধী দলগুলোর অভিযোগ—সরকার তাদের নেতাদের গ্রেপ্তার ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিয়ে বিরোধী পক্ষকে ধ্বংস করার চেষ্টা করছে। আগামী ১১ জুনের মধ্যে এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনা দেশে ফিরলেও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন