প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের পটিয়ায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় মো. ফোরকান (২৯) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে পৌরসদরের ইন্দ্রপুল এলাকায় এই ঘটনাটি ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফোরকান উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ আবুজাফরের পুত্র এবং পৌরসদরের মুন্সেফ বাজার এলাকায় শাহগদী এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানের মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেও তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে ৪-৫ জন অজ্ঞাত যুবক তাঁর পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা ৫৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ফোরকানের আত্মীয় মোহাম্মদ তানভীর জানান, পূর্বশত্রুতার কারণে এই হামলা হয়েছে, নাকি এটি ছিনতাইয়ের ঘটনা- তা তদন্ত করে বের করা প্রয়োজন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন