০১:২৭ পি.এম
রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চার্জ গঠন প্রসঙ্গে শুনানির তারিখ পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত।
রবিবার (২৩ আগস্ট) ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ তারিখ নির্ধারণ করেন।
আসামিপক্ষের আইনজীবী সুমন হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আনিসুল হকের নামে একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল রয়েছে। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ওই পিস্তলের কাগজপত্র হারিয়ে গেছে। বর্তমানে সেগুলোর ডুপ্লিকেট কপি সংগ্রহের জন্য চেষ্টা চলছে।
আরও পড়ুন: আইনমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলা সরকারি যাচাই শেষে প্রত্যাহার হবে
কাগজপত্র সংগ্রহ করতে অক্ষমতায় চার্জ গঠন শুনানি পেছানোর জন্য আদালতে সময়ের আবেদন করা হয়। আদালত আবেদনটি মঞ্জুর করে ২৪ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
শুনানির সময়ে আদালতে আনিসুল হককে কারাগার থেকে হাজির করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে এলজিইডিকে ক্যাডারভুক্ত করবে সরকার: শাহে আলম
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়।
অভিযোগে আরো বলা হয়েছে, আনিসুল হক ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ মে পর্যন্ত তার লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রটি থানায় জমা দেননি এবং সংশ্লিষ্ট থানাকেও এ বিষয়টি অবহিত করেননি। তার ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা দেওয়ার সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়াও তার দ্বারা কোনো গুলি কেনার তথ্যও পাওয়া যায়নি, মামলার অভিযোগে এমনটি উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম দুলাল বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে, ২০২৫ সালের ২৯ আগস্ট বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াদুল হক আনিসুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
আরও পড়ুন: পানির স্বাভাবিক প্রবাহে বাধাদানে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন