১০:৫৫ পি.এম
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসিনা নিশাদ, প্রতিষ্ঠানের নারী কর্মীদের প্রত্যেককে নতুন আইফোন উপহার দিয়ে চমকে দিয়েছেন।
উপহার পেয়ে কর্মীরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজন আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেন। বিশেষ করে, প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী এক নারী আইফোন উপহার পাওয়ার পর কান্নায় ভেঙে পড়লে মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কেরালায় জন্ম নেয়া হাসিনা নিশাদ ইউএইভিত্তিক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি তিনি নারী কর্মীদের জন্য এই চমকপ্রদ উপহারের আয়োজন করেন।
আরও পড়ুন: এআই হয়ে উঠছে পর্যটকদের বিশ্বস্ত ডিজিটাল সঙ্গী
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রতিষ্ঠানের নারী কর্মীদের একটি সম্মেলনকক্ষে ডেকে আসন গ্রহণ করতে বলা হয়। তবে তাদের জন্য যে চমক অপেক্ষা করছে, সে বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তারা। চেয়ারে বসতে গিয়ে টেবিলের নিচে রাখা মোড়ানো উপহারের বাক্স দেখতে পান কর্মীরা। বাক্স খুলতেই বেরিয়ে আসে নতুন আইফোন। উপহার পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা।
তবে সবচেয়ে আবেগঘন মুহূর্তটি তৈরি হয় পরিচ্ছন্নতাকর্মী এক নারীকে ঘিরে। ভিডিওতে দেখা যায়, তিনি হাসিনা নিশাদকে শরবত পরিবেশন করছিলেন। এ সময় তাকেও একটি আইফোন উপহার দেয়া হয়। অপ্রত্যাশিত উপহার পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি ওই নারী। হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করে হাসিনা নিশাদ লেখেন, "প্রত্যেক নারীরই নিজস্ব স্বপ্ন, দায়িত্ব ও চ্যালেঞ্জ রয়েছে।" তার ইচ্ছা, প্রতিষ্ঠানের নারী কর্মীরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠুন এবং নিজেদের স্বপ্ন পূরণ করুন।
তিনি আরও লেখেন, "অন্য কোনো নারীকে এগিয়ে যেতে ও সফল হতে দেখার চেয়ে আনন্দের কিছু নেই তার কাছে। একজন নারী এগিয়ে গেলে অন্য নারীর জন্যও এগিয়ে যাওয়ার সাহস তৈরি হয়।"
আরও পড়ুন: ত্বকের যত্নে শীতে ৫টি কার্যকরী সুপার ফুড
এটি অবশ্য কর্মীদের দামি উপহার দেয়ার প্রথম ঘটনা নয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত আরেকটি ভিডিওতেও একই ধরনের আয়োজন দেখা গিয়েছিল। সেখানে হাসিনার স্বামী ও প্রতিষ্ঠানের মালিক নিশাদ হুসেইন কর্মীদের মোড়ানো উপহারের বাক্স দেন, যার মধ্যে ছিল আইফোন।
দুটি ভিডিওই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে পরিচ্ছন্নতাকর্মীকেও উপহারের তালিকায় রাখায় হাসিনা নিশাদের প্রশংসা করেছেন অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন