০৪:০৪ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম মন্তব্য করেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে গুঞ্জন রয়েছে, সেটিকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে যদি সত্যিই শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশেরও কবর রচিত হবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি পতিত স্বৈরাচারের পতন ঘটেছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছু সময় বিভিন্ন ধরনের তৎপরতা দেখা গিয়েছিল। সর্বশেষ নির্বাচনে তাদের রাজনৈতিক অবস্থার অবসান ঘটেছে। আওয়ামী লীগকে কেন্দ্র করে যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো শেষ হতে হয়তো কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯, মামলা ৩২টি
তিনি উল্লেখ করেন, মানুষের মধ্যে এখনো তীব্র ক্ষোভ বিদ্যমান। কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, আবার কেউ তাদের পরিবারের সদস্যকে হারিয়েছেন। তাদের ক্ষোভের মাত্রা কতটা তীব্র, তা সরাসরি কথা বললেই বোঝা যায়। ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনা থাকলে যে পরিস্থিতি তৈরি হতো, ডিসেম্বরে বাংলাদেশে তার অস্তিত্ব পাওয়া গেলে একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে সারজিস আলম জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হয়েছিল। বর্তমানে সংসদে তারা বিরোধী দলীয় জোট হিসেবে একসঙ্গে কাজ করছেন এবং সেই জোট এখনও কার্যকর রয়েছে। তবে স্থানীয় নির্বাচনে জামায়াত, এনসিপি ও অন্যান্য দল নিজেদের অবস্থান থেকে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এটি দলীয় সিদ্ধান্ত।
তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের প্রার্থী করা হয়েছে কোনো ধরনের সমঝোতা বা ছাড় দেওয়ার উদ্দেশ্যে নয়। শেষ মুহূর্ত পর্যন্ত তারা নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন।
বিএনপির সমালোচনা করে সারজিস বলেন, গত আট মাসে বিএনপি ক্রমাগত অজনপ্রিয় হয়ে পড়েছে। দেশে হত্যাকাণ্ড ও ধর্ষণের সংখ্যা বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটেছে এবং সুশাসন দিন দিন কমছে। এসব কারণে তারা বিশ্বাস করেন জনগণ বিকল্প হিসেবে এনসিপিকে বেছে নেবে। এ বিষয়ে সংসদে বিরোধী দলীয় জোটের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি মনে করেন।
আরও পড়ুন: সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন