প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) দেশের কৃষির ভবিষ্যৎকে আরও উন্নত, টেকসই ও জলবায়ুসহিষ্ণু করার লক্ষ্যে নিরলস গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ধান, সরিষা, ভুট্টা, সবজি এবং মাছসহ কৃষির বিভিন্ন খাতে নতুন জাত উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির উন্নয়নে কাজ করছেন। ইতোমধ্যে তাঁরা ফসলের ৯০ থেকে ১৩০টি জাত উদ্ভাবনে সাফল্য অর্জন করেছেন। উদ্ভাবনের মধ্যে রয়েছে ব্লাস্ট রোগ প্রতিরোধী ধান, লবণাক্ততাসহিষ্ণু সরিষা এবং ভাইরাস প্রতিরোধী ভুট্টার জাত।
গবেষকদের মতে, দেশের আবহাওয়া, মাটি ও প্রতিকূল পরিবেশের সঙ্গে মানানসই ফসলের জাত উদ্ভাবন এবং পানি সাশ্রয়ী চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণ করা গেলে কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ফলন বৃদ্ধি সম্ভব। এতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পথও সুগম হবে।
ব্লাস্ট প্রতিরোধী ধানে নতুন সম্ভাবনা
বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান উৎপাদনে অন্যতম বড় চ্যালেঞ্জ রোগবালাই। বিশেষ করে বোরো মৌসুমে ব্লাস্ট রোগের আক্রমণে ধানের শিষ শুকিয়ে যাওয়ার এবং ফলন কমে যাওয়ার ঝুঁকি থাকে। এই সমস্যা মোকাবিলায় বাকৃবির গবেষকদের উদ্ভাবিত বাউ ধান-৩ নতুন সম্ভাবনা তৈরি করেছে।
২০১৫ সালে ফিলিপাইনের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) থেকে সংগ্রহ করা একটি জেনেটিক লাইন নিয়ে জাতটি উদ্ভাবনের গবেষণা শুরু হয়। পরে এসিআই লিমিটেডের আর্থিক সহযোগিতায় মাঠপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। দীর্ঘ গবেষণা ও মূল্যায়ন শেষে ২০১৯ সালে জাতীয় বীজ বোর্ডের অনুমোদন পায় জাতটি।
গবেষকদের তথ্য অনুযায়ী, বাউ ধান-৩ হেক্টরপ্রতি সাত থেকে আট টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। অনুকূল পরিবেশে প্রচলিত ব্রি ধান-২৮-এর তুলনায় এর ফলন এক থেকে দুই টন বেশি হতে পারে। জাতটির প্রধান বৈশিষ্ট্য হলো ব্লাস্ট রোগ প্রতিরোধের সক্ষমতা, যা কৃষকের ফসলহানির ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
লবণাক্ত জমিতে সরিষা চাষের সম্ভাবনা
দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণে প্রতিবছর বিপুল পরিমাণ তেল আমদানি করতে হয়। অন্যদিকে আমন ধান কাটার পর বোরো ধান রোপণের আগ পর্যন্ত অনেক জমি পতিত পড়ে থাকে। এই সময়ে সরিষা চাষ সম্প্রসারণ করা গেলে একই জমিতে অতিরিক্ত একটি ফসল উৎপাদন সম্ভব।
এই লক্ষ্য সামনে রেখে বাকৃবির কৃষি অনুষদ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) যৌথ গবেষণায় উদ্ভাবিত হয়েছে বাকৃবি সরিষা-১, বাকৃবি সরিষা-২ ও বাকৃবি সরিষা-৩। জাতগুলোর বিশেষত্ব হলো লবণাক্ততা সহ্য করার ক্ষমতা।
গবেষণার তথ্য অনুযায়ী, লবণাক্ত মাটিতে এসব জাতের হেক্টরপ্রতি ফলন প্রায় আড়াই টন এবং তুলনামূলক অনুকূল মাটিতে প্রায় তিন টন পর্যন্ত হতে পারে। বীজে তেলের পরিমাণ প্রায় ৪০ থেকে ৪১ শতাংশ। স্বল্প জীবনকালের কারণে আমন ধান কাটার পর চাষ করে বোরো ধানের আগেই সরিষা ঘরে তোলা সম্ভব।
ভাইরাস প্রতিরোধী ভুট্টা উদ্ভাবনে গবেষণা
পোলট্রি ও প্রাণিখাদ্য শিল্পে ভুট্টার চাহিদা বাড়ছে। তবে বিভিন্ন ভাইরাসজনিত রোগের কারণে ভুট্টার উৎপাদন ব্যাহত হয়। এ সমস্যা মোকাবিলায় মেইজ ডোয়ার্ফ মোজাইক ভাইরাস প্রতিরোধী বৈশিষ্ট্য শনাক্ত করতে গবেষণা করেছেন বাকৃবির গবেষকরা।
গবেষণায় বারি হাইব্রিড ভুট্টা-৭, ভি-৯২ ও উত্তরণ জাতের মধ্যে ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধী বৈশিষ্ট্য পাওয়া গেছে। এর মধ্যে বিএইচএম-৭ সবচেয়ে ভালো ফল দেখিয়েছে। এই গবেষণার মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত ও ভাইরাস সহনশীল ভুট্টার জাত উদ্ভাবনের সুযোগ তৈরি হয়েছে।
খরাসহিষ্ণু ফসল নিয়ে গবেষণা
জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিতে খরা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। সময়মতো বৃষ্টি না হওয়া, দীর্ঘদিন বৃষ্টিহীন থাকা এবং তাপমাত্রা বেড়ে যাওয়ায় ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বাকৃবির গবেষকরা বার্লির দুটি জাতের ওপর স্যালিসাইলিক অ্যাসিড প্রয়োগের কার্যকারিতা পরীক্ষা করেছেন। গবেষণায় দেখা গেছে, খরার সময় এ উপাদান প্রয়োগ করলে বার্লিগাছের বৃদ্ধি ও জৈব বস্তু উৎপাদন তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে গাছের আপেক্ষিক পানির পরিমাণ ও প্রোলিনের মাত্রা বাড়তে দেখা গেছে। গবেষকদের মতে, এ ধরনের গবেষণার ব্যবহারিক প্রয়োগ ভবিষ্যতে খরাসহিষ্ণু কৃষি ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
পানি সাশ্রয়ী চাষাবাদে গুরুত্ব
ধান উৎপাদনে বিশেষ করে বোরো মৌসুমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা বেশি। অতিরিক্ত পানি উত্তোলনের ফলে বিভিন্ন এলাকায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে। পাশাপাশি সেচের জন্য বিদ্যুৎ ও ডিজেলের খরচও বাড়ছে। এ সমস্যা সমাধানে বাকৃবির গবেষকরা পানি সাশ্রয়ী শস্যবিন্যাস ও সরাসরি বীজ বপন পদ্ধতি নিয়ে কাজ করছেন।
গবেষণায় আমন ধানের পর রবি ফসল এবং শুকনো জমিতে সরাসরি বপন করা বোরো বা আউশ ধানের বিভিন্ন শস্যবিন্যাস পরীক্ষা করা হয়েছে। এতে আমন ধান ও টমেটো এবং সরাসরি বপন করা আউশ ধানের সমন্বিত শস্যবিন্যাসে পুরো শস্যচক্রে হেক্টরপ্রতি প্রায় ১৯ দশমিক ৬২ টন ফলন পাওয়া গেছে। সরিষাভিত্তিক শস্যবিন্যাসে ফলন ছিল প্রায় ১৪ দশমিক ৬৩ টন।
গবেষণার উল্লেখযোগ্য দিক হলো, সরাসরি বীজ বপন পদ্ধতিতে প্রচলিত পদ্ধতির তুলনায় সেচের পানির ব্যবহার প্রায় অর্ধেক কমানো সম্ভব হয়েছে। এতে কম পানি ব্যবহার করে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি হচ্ছে।
কৃষকের প্রত্যাশা কম খরচে বেশি ফলন
ময়মনসিংহ সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের কৃষক আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগে জমিতে ধান ফলাতে কত খরচ হচ্ছে, তা নিয়ে এত হিসাব করতে হতো না। এখন বীজ থেকে শুরু করে সেচ, সার, শ্রমিক—সবকিছুর দাম বেড়েছে। ফসল ভালো হলেও খরচ বাদ দিয়ে হাতে তেমন টাকা থাকে না। এমন কোনো পদ্ধতি যদি পাওয়া যায়, যাতে কম পানিতে ভালো ফলন হবে, তাহলে আমরা অবশ্যই তা গ্রহণ করব।’
আরেক কৃষক আক্কাস আলী বলেন, ‘রোগবালাইয়ের ভয়ে এখন ধান চাষে সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়। রোগ প্রতিরোধ করতে পারে, আবার ফলনও ভালো দেয়—এমন জাত পেলে কৃষকের উপকার হবে। তবে সেই বীজ যেন সময়মতো পাওয়া যায় এবং দামও যেন বেশি না হয়।’
গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছানোর তাগিদ
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের কৃষিতে ভবিষ্যতে সংকট আরও বাড়তে পারে। উত্তরাঞ্চলে খরা, দক্ষিণাঞ্চলে লবণাক্ততা, কোথাও অতিবৃষ্টি আবার কোথাও সেচের পানির অভাব—অঞ্চলভেদে কৃষির চ্যালেঞ্জও ভিন্ন। তাই অঞ্চলভিত্তিক গবেষণা, দীর্ঘমেয়াদি অর্থায়ন, আধুনিক গবেষণাগার ও দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গবেষণার পরিকল্পনায় কৃষকের বাস্তব অভিজ্ঞতাকেও গুরুত্ব দিতে হবে।
কৃষিবিদ রিফাত আহমেদ বলেন, কৃষির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবির গবেষণা নতুন সম্ভাবনা তৈরি করেছে। এসব উদ্ভাবন দ্রুত কৃষকের মাঠে ছড়িয়ে দেওয়া সম্ভব হলে উৎপাদন বাড়বে, কমবে উৎপাদন ব্যয় ও কৃষকের ঝুঁকি। একই সঙ্গে খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে।
বাকৃবির জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, গবেষণার সাফল্য কৃষকের মাঠে পৌঁছে দিতে পারলেই সীমিত জমি ও সম্পদ দিয়ে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, গবেষণায় উদ্ভাবিত জাত ও প্রযুক্তির সুফল কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ে প্রদর্শনী, হাতে-কলমে প্রশিক্ষণ ও নিয়মিত পরামর্শ নিশ্চিত করতে হবে। পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা গেলে নতুন প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়বে।
বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘কৃষির প্রতিটি সংকটই আমাদের গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করছে। বাকৃবির গবেষণাগারের সাফল্য কৃষকের মাঠে পৌঁছে দিতে পারলেই বদলে যাবে কৃষির চিত্র। বাড়বে উৎপাদন, কমবে কৃষকের খরচ ও ঝুঁকি; টেকসই ও জলবায়ুসহিষ্ণু কৃষির পথে এগিয়ে যাবে বাংলাদেশ।’
সংশ্লিষ্টদের প্রত্যাশা, গবেষণাগারের উদ্ভাবন মাঠপর্যায়ে কার্যকরভাবে সম্প্রসারণ করা গেলে দেশের কৃষি আরও আধুনিক, লাভজনক ও টেকসই হয়ে উঠবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন