১০:৪৯ এম
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ঘটে যাওয়া এলোপাতাড়ি গুলির ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছেন। শুক্রবার সকালে ত্রাপ ও লা ভেরিয়ের এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ পরে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
মাখোঁ মন্তব্য করেছেন, এ হামলা ফরাসি প্রজাতন্ত্র ও জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ বাঁকবদল। তিনি উল্লেখ করেন, "বর্ণের কারণে এভাবে নির্বিচারে কাউকে হত্যার ঘটনা আগে কখনো ঘটেনি।"
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা যায়, হামলাকারী একটি গাড়িতে বসে প্রায় ১৫ মিনিট ধরে বিভিন্ন স্থানে গুলি চালান। প্রথমে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ত্রাপ এলাকায় এবং পরে পাশের লা ভেরিয়ের শহরে হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, হামলাকারী অভিবাসী বংশোদ্ভূত মানুষদের লক্ষ্যবস্তু করে থাকতে পারেন।
আরও পড়ুন: শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, তাদের মধ্যে ১২ বছর বয়সী একটি কিশোরীও রয়েছে।
হামলার ঘটনাস্থল ত্রাপ পরিদর্শনকালে মাখোঁ বলেন, ভুক্তভোগীদের গায়ের রং কিংবা ধর্মীয় পরিচয়ের কারণে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি জনগণকে এ ধরনের আদর্শের বিস্তার ঠেকাতে দৃঢ় থাকার আহ্বান জানান।
তবে হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবিরোধী কৌঁসুলির দপ্তর (পিএনএটি) জানিয়েছে, ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
ফরাসি সংবাদমাধ্যমে সন্দেহভাজন ব্যক্তির নাম কেভিন টি হিসেবে প্রকাশ করা হয়েছে। তার বয়স ৩৯ বছর। পিএনএটির তথ্য অনুযায়ী, এর আগে তার বিরুদ্ধে চারটি অপরাধের দণ্ডাদেশ ছিল, তবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে অপরাধের রেকর্ড থেকে মুছে গিয়েছিল।
আরও পড়ুন: দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি পুলিশের কাছে পরিচিত ছিলেন। তবে দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারির তালিকায় তার নাম ছিল না। জাতীয় সন্ত্রাসবিরোধী কৌঁসুলির দপ্তর বিএফএমটিভিকে জানিয়েছে, তাকে ফ্রান্সের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের তালিকায়ও রাখা হয়নি।
শুক্রবার সন্দেহভাজনের নিকট পরিবারের একজন সদস্যকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পিএনএটি।
ত্রাপের মেয়র আলি রাবেহ বলেছেন, শুক্রবার সকালে এক ব্যক্তি গাড়িতে বসে বিভিন্ন স্থানে যাদের সামনে পেয়েছেন, তাদের লক্ষ্য করে গুলি চালান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ধূসর রঙের একটি রেনো ক্লিও গাড়িতে করে কয়েকটি এলাকায় ঘুরে গুলি চালান ওই ব্যক্তি। মেয়র বলেন, হামলাকারী নির্বিচারে গুলি চালিয়েছেন এবং যত বেশি সম্ভব মানুষকে হতাহত করাই তাঁর উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের নতুন মাথা ব্যথা বাণিজ্যমন্ত্রী লুটনিকের বিরুদ্ধে এনভিডিয়া কেলেঙ্কারি
মেয়র আরও জানান, ত্রাপ এলাকায় একটি পেট্রলপাম্প, একটি চিকিৎসাকেন্দ্র ও শিশুদের খেলার মাঠের কাছে গুলি চালানোর পর হামলাকারী পাশের লা ভেরিয়েরের দিকে চলে যান।
পুলিশ ইউনিয়নের এক কর্মকর্তা জানান, শহরটির মধ্য দিয়ে যাওয়া এন১০ মহাসড়কে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
আহত ১২ বছর বয়সী কিশোরীর মা ফরাসি সম্প্রচারমাধ্যম আরটিএলকে জানিয়েছেন, তার মেয়ের শরীরে আটটি গুলির ক্ষত রয়েছে এবং অস্ত্রোপচার করতে হয়েছে।
স্থানীয় পুলিশপ্রধান বিএফএমটিভিকে জানিয়েছেন, হামলায় পুরোনো ধরনের একটি আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। অস্ত্রটি দিয়ে একাধিক গুলি ছোড়া হয়েছিল। ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়াঁর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হতে পারে।
আরও পড়ুন: জেপি মরগ্যান চেজের ত্রুটিতে যুক্তরাষ্ট্রে ব্যাংকিং সেবা বিঘ্নিত, ভোগান্তি চরমে
পিএনএটি জানিয়েছে, হত্যাকাণ্ডের পাশাপাশি সামরিক পর্যায়ের বা একাধিক গুলি ছুড়তে সক্ষম ‘ক্যাটাগরি এ’ অস্ত্র রাখার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
এ ছাড়া ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধ সংঘটনের প্রস্তুতির উদ্দেশ্যে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
হামলার পেছনে বর্ণবাদী উদ্দেশ্য ছিল কি না, তা এখনো তদন্তাধীন। তবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঘটনাটিকে বর্ণবাদী সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন।
আরও পড়ুন: হলুদ সাংবাদিকতা ও সংসদকে হেয় করার অভিযোগে তদন্তের দাবি সেলিম ভূঁইয়ার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন