১১:৪৩ এম
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, যার সংক্ষেপ হচ্ছে এফএএ, শত শত বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ পরীক্ষা করার জন্য একটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা দেওয়া হয়েছে পুরোনো ৭৩৭ মডেলের কয়েকটি উড়োজাহাজে ফাটল পাওয়ার খবরের পর।
এফএএ চলতি সপ্তাহে এই নতুন নিয়মটি চূড়ান্ত করেছে, যেটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মটি আগামী ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
নির্দেশনাটি কিছু নির্দিষ্ট বোয়িং ৭৩৭-৮, ৭৩৭-৯ এবং ৭৩৭-৮২০০ উড়োজাহাজের জন্য প্রযোজ্য। এতে মোট আনুমানিক ৪৭১টি উড়োজাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। এফএএ জানিয়েছে, এই নির্দেশনা ‘অনিরাপদ পরিস্থিতি’ মোকাবিলার জন্য জরুরি ভিত্তিতে জারি করা হয়েছে। তবে, বর্তমানে এই বিশেষ ম্যাক্স মডেলের উড়োজাহাজগুলোর মধ্যে কোনো ফাটল পাওয়া যায়নি।
আরও পড়ুন: কুয়েতে যৌথ সামরিক সদর দপ্তর গড়ছে গালফ কোঅপারেশন কাউন্সিলের ছয় দেশ
নভেম্বরে যখন নতুন নিয়মটির প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন এফএএ জানিয়েছিল, তারা পুরোনো নেক্সট-জেনারেশন ৭৩৭-এর কয়েকটি উড়োজাহাজের সামনের অংশের ভার বহনকারী একটি ধাতব পাতায় ফাটল পাওয়ার রিপোর্ট পেয়েছে।
এই ধাতব পাতাগুলো উড়োজাহাজের দরজা এবং জরুরি বের হওয়ার পথের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশকে শক্ত করে ধরে রাখে।
এফএএ বলছে, ম্যাক্স উড়োজাহাজগুলোর পুরোনো মডেলগুলোর সঙ্গে ‘একই ধরনের নকশা ও তৈরির প্রক্রিয়া’ রয়েছে। এই কারণে, এসব উড়োজাহাজেও একই ধরনের ফাটল সৃষ্টি হতে পারে। সংস্থাটি সতর্ক করে বলেছে যে, যদি সমস্যাটি সমাধান না করা হয়, তাহলে এটি ‘উড়োজাহজের কাঠামোগত শক্তির ওপর খারাপ প্রভাব ফেলতে পারে।’
বোয়িং একটি বিবৃতিতে বলেছে, তারা আগেই এই সমস্যাটি শনাক্ত করে রিপোর্ট দিয়েছে। কোম্পানিটি উল্লেখ করেছে, ‘গত ছয় বছর ধরে আমরা এ নিয়ে উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছি।’ বোয়িং জানায়, ২০১৯ সালে তারা নেক্সট-জেনারেশন ৭৩৭ উড়োজাহাজ পরীক্ষা করার জন্য নির্দেশনা পাঠিয়েছিল। পরে ২০২১ সালে এফএএ এই পরীক্ষা বাধ্যতামূলক করে।
আরও পড়ুন: সরকার ৮.৫ লাখ টন ধান-চাল কিনবে, দাম ঘোষণা তথ্য উপদেষ্টার
বোয়িং আরও বলেছে, তারা ইতোমধ্যে ম্যাক্স উড়োজাহাজগুলোর ক্ষেত্রেও এই পরীক্ষা চালু করেছে। এফএএ এর সর্বশেষ নির্দেশাবলী এখন এই প্রক্রিয়াকেও বাধ্যতামূলক করেছে। কোম্পানিটি জানিয়েছে, ‘আমরা দুটি নির্দেশকেই সমর্থন করি এবং আমাদের বিমান সংস্থার গ্রাহকদের সহযোগিতা করে যাব।’
এফএএ এদিকে আরও জানিয়েছে, তাদের নির্দেশনা অনুযায়ী আগেই মেরামত করা উড়োজাহাজগুলোর বাইরের কাঠামোর পাতও পরীক্ষা করতে হবে। নিরাপত্তা, গুণমান এবং উৎপাদন নিয়ে বোয়িং বহু বছর ধরে নানা সমস্যার মুখে পড়ছে। এর মধ্যে ২০১৮ ও ২০১৯ সালে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে ৩৪৬ মানুষ প্রাণ হারান।
গত বছর, আলাস্কা এয়ারলাইনস দ্বারা পরিচালিত একটি ম্যাক্স ৯ উড়োজাহাজ মাঝ আকাশে থাকা অবস্থায় তার এক প্যানেল খুলে গিয়ে উড়ে যায়। গত মাসে এফএএ জানিয়েছিল, বোয়িংকে তাদের সব ৭৩৭ ম্যাক্স এবং ৭৮৭ উড়োজাহাজের নিরাপত্তা সনদ দেওয়ার দায়িত্ব নিতে হবে। নতুন এই নির্দেশের মাধ্যমে নির্দিষ্ট কিছু ম্যাক্স উড়োজাহাজের ক্ষেত্রেও পরীক্ষা বাধ্যতামূলক হয়ে গেল। পুরোনো ৭৩৭ উড়োজাহাজে দেখা ফাটলের সাথে সম্পর্কিত সম্ভাব্য কাঠামোগত ঝুঁকি মোকাবিলার উদ্দেশ্যে এফএএ এই পদক্ষেপ গ্রহণ করেছে।
আরও পড়ুন: দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দীন পুনর্বহাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন