১১:০৪ পি.এম
শুক্রবার (৫ জুন) রাতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে তিনি আসছেন। এই সম্মেলন ১ থেকে ১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বিশ্বের ১৮৭টি দেশের সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
সম্মেলনের মূল পর্বে আগামী ৮ জুন বাংলাদেশের প্রতিনিধিদলের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এই সময়ে শ্রমমন্ত্রী দেশের শ্রম পরিস্থিতি, শ্রমিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, কর্মসংস্থান এবং শ্রম খাতের চলমান সংস্কার কার্যক্রম বিশ্বদরবারে তুলে ধরবেন। বিশেষভাবে সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া শ্রম আইন (সংশোধন) ২০২৬ এবং তার মাধ্যমে শ্রমিক অধিকার সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতির বিষয়টি মন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পাবে।
জেনেভা সফরের সময়ে সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক, ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক এবং দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে শ্রমমন্ত্রীর মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে নাহিদ ইসলামের তর্কবিতর্ক, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন প্রসঙ্গে
এবারের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে সরকারি প্রতিনিধি হিসেবে শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদারসহ মোট ছয়জন অংশ নিচ্ছেন।
অন্যদিকে, মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএ সভাপতি মো. হাতেমসহ নয়জন রয়েছেন।
এ ছাড়া শ্রমিক পক্ষের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
আরও পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন