প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সকালে কী পোশাক পরা হবে, দুপুরে কী খাওয়া হবে অথবা ছুটির দিনে কোথায় ঘুরতে যাওয়া হবে—এ ধরনের ক্ষুদ্র সিদ্ধান্ত নিতে সাধারণত খুব বেশি চিন্তা করতে হয় না। কিন্তু যখন বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে গিয়ে হোটেল বুকিং, গাড়ি ভাড়া ঠিক করা কিংবা গন্তব্য নির্বাচন করার দায়িত্ব আসে, তখন কি সবকিছু এড়িয়ে যাওয়ার ইচ্ছা হয়? যদি এমনটি ঘটে, তবে নিজেকে সিদ্ধান্তহীন মনে করার কোনো কারণ নেই। এর পেছনে থাকতে পারে ‘ডিসিশন ফ্যাটিগ’ বা সিদ্ধান্ত গ্রহণের ক্লান্তি। সারাদিন একের পর এক ছোট-বড় সিদ্ধান্ত নিতে গিয়ে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়লে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
কেন হয় সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি
সিদ্ধান্ত গ্রহণের ক্লান্তি মূলত একটি মানসিক অবসাদ। মনোবিদদের মতে, যদি দিনের পর দিন অনেক সিদ্ধান্ত নিতে হয়, তবে মস্তিষ্কের ওপর চাপ পড়ে। একপর্যায়ে কঠিন বিষয়গুলোর সিদ্ধান্ত নেওয়ার আগ্রহ ও সক্ষমতা কমে যায়। তখন কেউ সিদ্ধান্ত নিতে এড়িয়ে চলে, আবার কেউ তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে।
প্রতিদিনের কাজ, ব্যক্তিগত জীবন এবং পেশাগত দায়িত্ব সামলাতে মানুষকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। কিছু সিদ্ধান্তের প্রভাব কেবল নিজের ওপর নয়, অন্যের জীবনেও পড়তে পারে। যেমন, একজন বিচারক বা শল্যচিকিৎসকের সিদ্ধান্তের সঙ্গে অন্য মানুষের জীবন জড়িয়ে থাকে। এই ধরনের দায়িত্বও মানসিক চাপ বৃদ্ধি করতে পারে।
সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তির লক্ষণ
এই ক্লান্তি বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। যেমন—
- সিদ্ধান্ত এড়িয়ে চলা: জরুরি কাজ পিছিয়ে দেওয়া বা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে না চাওয়া। এমনকি পোষ্যকে চিকিৎসকের কাছে নেওয়ার মতো প্রয়োজনীয় কাজও ভুলে যেতে পারেন কেউ কেউ।
- ভুল সিদ্ধান্ত নেওয়া: একের পর এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার পর অসতর্কতা বৃদ্ধি পেতে পারে। তখন অপ্রয়োজনীয় কেনাকাটা বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া হয়।
- অতিরিক্ত ক্লান্তি: শারীরিক, মানসিক ও আবেগগতভাবে নিঃশেষ বোধ হতে পারে। তখন শুধু বিশ্রাম নিতে ইচ্ছা করে।
- মনোযোগে সমস্যা: কোনো কাজে মনোযোগ ধরে রাখা, কথা বলার সময় বাক্য শেষ করা কিংবা অন্যের কথা ঠিকমতো বুঝতে অসুবিধা হতে পারে।
- খিটখিটে মেজাজ: সামান্য বিষয়েও বিরক্তি বা রাগ তৈরি হতে পারে।
- চাপে দিশাহারা হওয়া: অনেক সিদ্ধান্ত একসঙ্গে সামনে এলে মনে হতে পারে, আর কোনো চাপ সামলানোর ক্ষমতা নেই।
- অনুশোচনা: সিদ্ধান্ত নেওয়ার পরও সেটি ঠিক ছিল কি না, তা নিয়ে বারবার ভাবতে পারেন।
- শারীরিক অস্বস্তি: মানসিক চাপের সঙ্গে মাথাব্যথা, চোখের পাতা কাঁপা, বমি ভাব বা পেটের অস্বস্তির মতো সমস্যাও দেখা দিতে পারে।
কিভাবে সামলাবেন?
সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি কমাতে দৈনন্দিন কিছু অভ্যাসে পরিবর্তন আনতে পারেন।
- নিজেকে সময় দিন: সব সিদ্ধান্ত দ্রুত নেওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে জটিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুক্ষণ সময় নিন। অতিরিক্ত ক্লান্ত বা আবেগপ্রবণ অবস্থায় বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
- আগে থেকে পরিকল্পনা করুন: পরের দিনের পোশাক ঠিক করে রাখা, খাবারের পরিকল্পনা করা এবং জরুরি কাজের তালিকা তৈরি করলে দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চাপ কমে।
- বিশ্রাম নিন: একটানা কাজ না করে মাঝেমধ্যে বিরতি নিন। কিছুক্ষণ হাঁটুন, শরীর প্রসারিত করুন অথবা শান্ত হয়ে বসুন। এতে মন কিছুটা স্বস্তি পেতে পারে।
- জরুরি সিদ্ধান্ত অযথা পিছিয়ে দেবেন না: কোনো বিষয় এড়িয়ে গেলে সাময়িক স্বস্তি মিললেও পরে তা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। তাই প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো ধাপে ধাপে নেওয়ার চেষ্টা করুন।
সারাদিনের সিদ্ধান্ত নেওয়ার চাপ কমাতে ছোটখাটো বিষয় আগে থেকে গুছিয়ে রাখুন। এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য সময় ও মানসিক শক্তি দুটোই বাঁচবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন