ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহীতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ দুই ব্যক্তি গ্রেপ্তার


রাজশাহীতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ দুই ব্যক্তি গ্রেপ্তার
 
রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ কোডিনযুক্ত ফেনসিডিল ও নগদ অর্থ সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌনে ২টায় নগরীর কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০৬ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল, মাদক বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ শাহিন (৩০), সে নগরীর মতিহার থানার দাশমারী কাশেমের মোড়ের বাসিন্দা। বর্তমানে কাটাখালী থানার চর খিদিরপুর এলাকায় বসবাস করে ও মোঃ ফারজেম ওরফে ফজা, সে কাটাখালীর শ্যামপুর শান্তিনগর এলাকার বাসিন্দা।
 
বুধবার দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
এসআরবি জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন বিভিন্ন উপায়ে ফেনসিডিল সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাঁরা পরস্পর রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা করে বলেও জানিয়েছে। 
 
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নগরীর কাটাখালী থানায় মামলা করা হয়েছে।
বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে যুবদল নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


শরীয়তপুরে যুবদল নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

শরীয়তপুরের জাজিরা উপজেলা যুবদলের সহ-সভাপতি রুবেল শেখের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর স্থানীয় পর্যায়ে আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নিয়ে নানা প্রশ্নও উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে রুবেল শেখের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য রয়েছে। তবে ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, সেই তথ্য এবং এটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন।

স্থানীয় কয়েকজনের অভিযোগ রয়েছে যে, রুবেল শেখের বিরুদ্ধে এর আগে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। তবে পূর্ববর্তী এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এদিকে, ভিডিওটি সম্পর্কে মন্তব্য জানতে রুবেল শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা জানিয়েছেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোকে ধুয়ে দিলেন রুনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


রোনালদোকে ধুয়ে দিলেন রুনি

পর্তুগাল জাতীয় দলের সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোর সাম্প্রতিক বিরোধের প্রেক্ষাপটে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত আন্তর্জাতিক বিরতিতে, পর্তুগাল দলের প্রধান কোচ হোর্হে জেসুসের সঙ্গে খেলার সময় নিয়ে মতবিরোধের কারণে রোনালদো পর্তুগাল দলের ক্যাম্প ত্যাগ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি সতীর্থদের কাছে ক্ষমা চান, তবে একই সঙ্গে অভিযোগ করেন যে জেসুস তার সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। রোনালদো নিজেকে কিংবদন্তি ফুটবলার পেলে ও ডিয়েগো ম্যারাডোনা-র সঙ্গে তুলনা করেন।

দ্য ইউনাইটেড স্ট্যান্ড-এ কথা বলতে গিয়ে রুনি রোনালদোর মন্তব্যের কঠোর সমালোচনা করেন।

রুনি বলেন, “রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন, ‘কেন?’ যেদিন লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন, ঠিক সেদিনই রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়েছেন এবং পরে যে বিবৃতি দিয়েছেন, তা সব দিক থেকেই ভুল ছিল।”

তিনি আরও বলেন, “সে যেভাবে তার কোচকে খাটো করেছে, সতীর্থদের ছোট করেছে, সেটা একেবারেই ঠিক হয়নি। পর্তুগিজ ফুটবল ফেডারেশনকেও সে অসম্মান করেছে। পুরো বিষয়টাই ভুল ছিল।”

“একজন ফুটবলার, একজন সতীর্থ এবং একজন কোচের দৃষ্টিকোণ থেকে দেখলেও বিষয়টি সুখকর ছিল না।”

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের প্রসঙ্গ টেনে রুনি বলেন, “এই সময়টা প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই আসে। একসময় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে হয়। দুর্ভাগ্যজনকভাবে রোনালদো বিষয়টি ভালোভাবে সামলাতে পারছে না। এটা দেখা অস্বস্তিকর।”

রুনি ও রোনালদো ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত স্যার অ্যালেক্স ফার্গুসন-এর অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডে একসঙ্গে খেলেছেন। পরে রোনালদো রিয়াল মাদ্রিদ-এ যোগ দেন, আর কয়েক বছর পর ইউনাইটেডকে বিদায় জানান রুনি। এই দুজন একসঙ্গে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিলেন।

রোনালদোর বিবৃতির একটি বিশেষ অংশে ক্ষুব্ধ হন রুনি। সেখানে রোনালদো উল্লেখ করেছিলেন, নরওয়ের বিপক্ষে পর্তুগালের নেশনস লিগ ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখার পর পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করলে কোচ জেসুসের সংবাদ সম্মেলনে কী বলা উচিত ছিল।

এ প্রসঙ্গে রুনি বলেন, “আপনি কোনো কোচকে বলে দিতে পারেন না যে তাকে কী বলতে হবে। আমি আমার জীবনে এর চেয়ে বাড়াবাড়ি কিছু কখনও দেখিনি।”

অন্যদিকে, রোনালদো জানিয়েছেন যে ভবিষ্যতেও পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলতে তিনি প্রস্তুত আছেন, যদি তাকে দলে ডাকা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠবাড়িয়ায় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


ঠবাড়িয়ায় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ
 

 

 

 

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ষান্মাসিক সভা ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
 
আজ বুধবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘এনগেজ’ (ENGAGE) প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নেটজ বাংলাদেশ।
 
সভায় জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় পর্যায়ে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া স্থানীয় পর্যায়ে চলমান উন্নয়ন কার্যক্রম ও ঝুঁকি মোকাবিলায় করণীয় নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
 
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। তাঁরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ঝুঁকিতে থাকা মানুষের অধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি, এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার প্রশান্ত চক্রবর্তী এবং ফিল্ড ফ্যাসিলিটেটর আশরাফ উদ্দিন ও স্বর্ণালী রায়।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কড়া নাড়ছে শীত, ঢাকায় তাপমাত্রা ১১-১৩ ডিগ্রিতে নামতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


কড়া নাড়ছে শীত, ঢাকায় তাপমাত্রা ১১-১৩ ডিগ্রিতে নামতে পারে

নভেম্বরের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানী ঢাকা এবং সারাদেশে শীতের অনুভূতি শুরু হতে পারে।

গত চার-পাঁচ বছরের আবহাওয়ার বিশ্লেষণের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে এবারের শীতকাল ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী থাকতে পারে। ডিসেম্বরের শেষের দিকে শীতের তীব্রতা বাড়তে শুরু করবে এবং জানুয়ারি মাসজুড়ে তা অব্যাহত থাকবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা এ কে এম নাজমুল হক জানান, শীতের সময় ঢাকায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

ঢাকায় ইতোমধ্যেই উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে শুরু করেছে, যা শীতল আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে। তবে ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ার কারণে ঢাকায় শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক আরও জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সারা দেশে শীতের আগমন ঘটতে পারে এবং তা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আগমন ঘটতে পারে।

তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারি মাসজুড়ে তা অব্যাহত থাকবে; মূলত এই সময়টিতেই সবচেয়ে বেশি শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরাঞ্চলে, বিশেষ করে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায়, চলতি শীতের শুরু থেকেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেখানে ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%