০৯:২৯ পি.এম
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে অভিযোগ করা হয়েছে, এই চারজনের আচরণ গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির শামিল।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মো. জহিরুল ইসলাম সুমন, মো. রফিকুল ইসলাম মন্টু, মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান নজরুল।
নোটিশের ভাষ্য অনুযায়ী, রোববার (৫ জুলাই) দুপুরে অ্যাটর্নি জেনারেল কর্মরত থাকাকালীন তার কার্যালয়ে ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বিচারপ্রার্থী ও অন্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে অসংযত আচরণ করা হয়। তারা তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও তারা হুমকি দেন যে, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
নোটিশে আরও বলা হয়, এসব ঘটনার ভিডিও কার্যালয়ের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।
অ্যাটর্নি জেনারেলের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন কারণ দর্শানোর নোটিশটি জারি করেন। এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির ঘটনা উল্লেখ করে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সেটা জানতে নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বলেন, এটি শৃঙ্খলাজনিত ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
আরও পড়ুন: বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, বাবাও শোক সইতে পারলেন না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন