০৮:৫১ এম
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে হামলা-পাল্টা হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশের অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উভয় দেশেই অন্তত ১১ জন করে মোট ২২ জন নিহত হয়েছেন বলে দুই পক্ষের স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, ১৭ জন নিহত
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানিয়েছেন, সোমবার (৩ আগস্ট) গেলেনঝিকের কাছে অবস্থিত পর্যটনগ্রাম আরখিপো-ওসিপোভকায় ড্রোনের ধ্বংসাবশেষের ফলে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।
এর আগে টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার মস্কো-সমর্থিত প্রধান সের্গেই আকসিওনভ জানান, সেখানে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
অন্যদিকে, রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুয়ায়েভ জানিয়েছেন, সীমান্ত এলাকার বিভিন্ন বসতিতে হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
এছাড়া ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জরুরি সেবাকর্মী এবং তার আট বছর বয়সী ছেলে রয়েছে। যুদ্ধকালীন সময়ে এই অঞ্চলটি বারবার হামলার শিকার হয়েছে।
আরও পড়ুন: ধুনটে বিএনপির গাড়িবহরে হামলায় তিন আ.লীগ নেতা গ্রেপ্তার
আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা টেলিগ্রামে জানিয়েছেন, হামলার পর সেখানে আগুন লেগে যায়। এতে পেট্রোলপাম্প এবং আশপাশে থাকা কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেখানে রাতভর চালানো আরেক হামলায় জাপোরিঝঝিয়ায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক মাসগুলোতে বেসামরিক মানুষের প্রাণহানি বেড়েছে। তবে উভয় পক্ষই বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ এবং উসপেনিভকা নামের দুটি বসতি দখল করেছে।
আরও পড়ুন: ঢাকা আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেল হত্যা মামলার আসামি
অন্যদিকে রাশিয়ার বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের ওপর সর্বশেষ ইউক্রেনীয় হামলায় পূর্ব রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের খ্রিয়াস্তোভো গ্রামের একটি গুদামে ড্রোন আঘাত হেনেছে।
কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অড্রি ম্যাকঅ্যালপাইন জানিয়েছেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় ওয়াইল্ডবেরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেছেন, স্বাধীন কয়েকটি পর্যবেক্ষক সংস্থার অনুসন্ধানে দেখা গেছে, ওয়াইল্ডবেরিজে বিভিন্ন পণ্য বিক্রি হয় যা সামরিক এবং বেসামরিক উভয় কাজে ব্যবহার করা যায়। এর মধ্যে রয়েছে ব্যবহৃত সামরিক হেলমেট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, বুলেটপ্রুফ জ্যাকেট এবং ড্রোনে ব্যবহৃত ফাইবার-অপটিক কেবল।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠকটি তিনি ‘ভালো’ মন্তব্য করেন। সেসময় তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। এর আগে গত শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ফোনালাপেও বিষয়টি আলোচনা হয়েছে।
আরও পড়ুন: ইরান যুদ্ধের প্রভাবে কমছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, কার্বন নিঃসরণ স্থিতিশীল
তবে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন, সেখান থেকে তিনি সরে এসেছেন বলেই মনে হচ্ছে।
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন