প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঘোষিত কর্মসূচির প্রেক্ষিতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আকস্মিক মিছিল বের হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে টুঙ্গিপাড়ার বর্ণি বাজারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি, কাশিয়ানীর ফুকরা-গোপালপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরাও মিছিল করেছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি বাজার এলাকায় হঠাৎ করেই মিছিল শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। অভিযোগ রয়েছে, মিছিল থেকে বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ণী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খান বলেন, "ঘটনার সময় আমি বাসায় ছিলাম। বাসা থেকে বের হলে আমার ওপর হামলা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এ কারণে আমি বাসা থেকে বের হইনি।" তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করেছেন, তাদের ভিডিও ফুটেজ রয়েছে।
টুঙ্গিপাড়ার বর্ণি বাজারে মিছিল ও বিএনপির কার্যালয় ভাঙচুরের বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ‘আমরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো মিছিল কিংবা বিএনপির কার্যালয় ভাঙচুরের কোনো খবর পাইনি। এ ধরনের ঘটনা ঘটেছে কি না, বিষয়টি খতিয়ে দেখছি।’
অন্যদিকে, আজ সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা-গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। এ মিছিলে নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার। মিছিলে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তাদের পায়ে হেঁটে সারিবদ্ধভাবে মিছিল করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে এসব মিছিলের তথ্য পাওয়া গেছে। এদিকে, জেলার বিভিন্ন স্থানে এ ধরনের আকস্মিক রাজনৈতিক কর্মসূচি এবং ভাঙচুরের অভিযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন