০৭:৪০ পি.এম
সিরাজগঞ্জে ডিমের উৎপাদন খরচের তুলনায় ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগের কারণে জেলার পোল্ট্রি খামারিরা অনির্দিষ্টকালের জন্য ডিম বিক্রি বন্ধ ঘোষণা করেছেন। খামারিদের এই সিদ্ধান্তের প্রভাব স্থানীয় বাজারে ইতোমধ্যে দেখা দিতে শুরু করেছে।
রবিবার (২১ জুন) জেলার খামার মালিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছেন, কারণ উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন। শনিবার সদর উপজেলার শিয়ালকোল এলাকায় অনুষ্ঠিত খামারিদের বৈঠকে অনির্দিষ্টকালের জন্য ডিম বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
খামার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে একটি ডিম উৎপাদনে প্রায় ৯ টাকা খরচ হচ্ছে, কিন্তু খামারিদের কাছ থেকে ডিম কেনা হচ্ছে মাত্র ৭ টাকা ৭০ পয়সা দরে। এই হারে উৎপাদন ব্যয়ও উঠে আসছে না। দীর্ঘদিন ধরে এই লোকসান বহন করতে না পেরে খামারিরা ডিম বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: যানজট নিরসনে কাজ করে যাচ্ছে শাহজাদপুর উপজেলা ও পৌর প্রশাসন
খামারিদের অভিযোগ, একটি অসাধু ব্যবসায়ী চক্র সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম নিয়ন্ত্রণ করছে। সদর উপজেলার শিয়ালকোল এলাকার খামারি লোকমান হোসেন বলেন, 'ডিম উৎপাদন করছেন খামারিরা, অথচ মূল্য নির্ধারণ করছেন কিছু ব্যবসায়ী। তারা কম দামে ডিম কিনে বেশি দামে বিক্রি করছেন। এতে প্রকৃত উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।'
তিনি এটাও জানান, খাদ্য, ওষুধ, শ্রমিকসহ খামার পরিচালনার সব ধরনের ব্যয় বেড়েছে। কিন্তু সেই অনুপাতে ডিমের দাম বাড়েনি। এর ফলে অনেক খামারি ইতোমধ্যে খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। তিনি দাবি জানান যে বাজারে সিন্ডিকেট বন্ধ করে উৎপাদন খরচ বিবেচনায় ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করা প্রয়োজন।
এদিকে, খামারিদের ডিম বিক্রি বন্ধের কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ার কথা জানিয়েছেন বিক্রেতারা। শহরের এক ডিম ব্যবসায়ী বলেন, 'খামার থেকে আগের মতো ডিম পাওয়া যাচ্ছে না। ফলে ক্রেতাদের চাহিদার বিপরীতে সরবরাহ করাটাও কঠিন হয়ে পড়েছে।'
ক্রেতাদের মতে, ডিম সাধারণ মানুষের অন্যতম জরুরি খাদ্য। বাজারে সংকট তৈরি হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে। এজন্য তারা দ্রুত আলোচনা ও সমন্বয় মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানাচ্ছেন।
আরও পড়ুন: আইইবি চট্টগ্রাম কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
তবে এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক বলেন, 'ডিমের মূল্য সরকার নির্ধারণ করে। কোনো ব্যবসায়ী বা ব্যাপারী ইচ্ছা মতো দাম নির্ধারণ করতে পারেন না। বর্তমানে বাজারে ডিমের চাহিদা কিছুটা কম থাকায় দামও কম রয়েছে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন