০৯:৪৮ পি.এম
শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে মোট ১২ জনের মৃত্যু হয়েছে এবং আরো আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, বুধবার (৩ জুন) সন্ধ্যায় কলম্বো থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কালুতারা জেলার আঙ্গুরুওয়াতোটায় অবস্থিত মাওপিয়া সেভানা বৃদ্ধাশ্রমে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ৫১ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। সেখানে মানসিক রোগীদেরও রাখা হতো বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: প্রবাসী কার্ড নিয়ে প্রতারণার বিষয়ে সতর্কতা জারি করল মন্ত্রণালয়
প্রথমে ১১ জনের মৃত্যুর খবর এলেও, চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হয়ে মোট মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। অপরদিকে, ৮ জন গুরুতর আহত অবস্থায় হোরানা বেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অবহেলা জনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে বৃদ্ধাশ্রমটির মালিক ও পরিচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের ফুটেজে দেখা গেছে, বৃদ্ধাশ্রমের ভবনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে, যেখানে আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায় এবং আশপাশে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল হিরুর লাইভ দৃশ্যে দেখা যাচ্ছে, দমকলকর্মী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে।
আরও পড়ুন: পাকিস্তানের অর্থনীতি আইসিইউ থেকে বেরিয়ে আসা রোগীর মতো: ড. নিয়াজ মুর্তজা
অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট ৭১ জন বাসিন্দা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় ৫১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
ন্যাশনাল সেক্রেটারিয়েট ফর এল্ডার্সের পরিচালক চতুরা মিহুদুম জানিয়েছেন, বৃদ্ধাশ্রমটি কোনোরকম নিবন্ধিত ছিল না। এই সংস্থার মাত্র ১৫ জনের ধারণক্ষমতাসম্পন্ন ছোট জায়গায় গাদাগাদি করে ৭১ জনকে রাখা হয়েছিল।
বৃদ্ধাশ্রমটিতে বয়স্কদের পাশাপাশি কিছু মানসিক প্রতিবন্ধী তরুণ এবং শিশুও ছিল। অগ্নিকাণ্ডে হতাহতের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স ১৭ বছর ছিল।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কর্মকর্তারা এখনও আগুন লাগার সঠিক কারণ নির্ধারণ করতে পারেননি।
আরও পড়ুন: কপ৩১ সম্মেলনের ফাঁকে এরদোয়ান ও পেজেশকিয়ানের বৈঠক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন