প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের দায়ে এক ভারতীয় নাগরিককে ১৯ বছর ৭ মাসের বেশি কারাদণ্ড প্রদান করেছে মার্কিন আদালত। দণ্ডিত নিখিল গুপ্তার বয়স ৫৫ বছর।
তিনি গত ফেব্রুয়ারিতে হত্যার ষড়যন্ত্রসহ তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হন। গুপ্তা হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
শুক্রবার ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে মার্কিন ডিস্ট্রিক্ট জজ ভিক্টর মারেরো ২৩৫ মাসের কারাদণ্ড দেন। সাজা ভোগের পর গুপ্তাকে ভারতে ফেরত পাঠানো হবে। আদালতে বক্তব্য রাখতে গিয়ে গুপ্তা বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শ থেকে সরে আসায় তিনি অনুতপ্ত। এজন্য তিনি পান্নুন, ক্ষতিগ্রস্ত সম্প্রদায় এবং নিজের পরিবারের কাছে ক্ষমা চান।
গুপ্তা বলেন, ‘আমি পান্নুনের কাছে ক্ষমা চাইছি, যাদের মনে কষ্ট দিয়েছি সেই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইছি এবং আমার নিজের পরিবারের কাছেও ক্ষমা চাইছি।’ মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, গুপ্তা ভারতের এক সরকারি কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে পান্নুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন। পান্নুন যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর আইনজীবী এবং ভারতের পাঞ্জাব রাজ্যকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার আন্দোলনের একজন সোচ্চার সমর্থক।
আদালতের নথি অনুযায়ী, গুপ্তা ও ভারতের সরকারি কর্মকর্তা বিকাশ যাদব মিলে পান্নুনকে হত্যার জন্য ১৫ হাজার ডলার দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তবে যাকে ভাড়াটে খুনি হিসেবে নিয়োগ করা হয়েছিল, তিনি আসলে আইন প্রয়োগকারী সংস্থার একজন ছদ্মবেশী কর্মকর্তা ছিলেন। ২০২৩ সালের জুনে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ থেকে গ্রেপ্তার হওয়ার পর গুপ্তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। এরপর থেকে তিনি জামিন ছাড়াই কারাগারে রয়েছেন। দোষ স্বীকারের চুক্তি অনুযায়ী, তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ঘটনায় ভারতের সরকারি কর্মকর্তা বিকাশ যাদবকেও অভিযুক্ত করা হয়েছে। তবে তিনি বর্তমানে মার্কিন কর্তৃপক্ষের হেফাজতে নেই। তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।
ভারত সরকার পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড ভারতের সরকারি নীতির পরিপন্থী। তবে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যার একাধিক ষড়যন্ত্রের অভিযোগ ওঠায় দেশ দুটির সঙ্গে ভারতের সম্পর্কে চাপ তৈরি হয়েছে। নয়াদিল্লি এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।
ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি অফিসের কৌঁসুলিরা গুপ্তার জন্য প্রায় ২৪ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছিলেন। আদালতে কৌঁসুলি অ্যাশলি নিকোলাস বলেন, ‘এই মামলাটি আমেরিকান মূল্যবোধের একেবারে মূলে আঘাত হানে। আমরা এই দেশে কারো কণ্ঠস্বর স্তব্ধ করতে সহিংসতার ব্যবহার কখনোই সমর্থন করি না।’
শুক্রবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন পান্নুন। তিনি গুপ্তাকে ‘একজন সাধারণ অনুচর’ বলে বর্ণনা করেন। তার দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে গুপ্তা এই ষড়যন্ত্রে কাজ করেছেন। পান্নুনের অভিযোগ, মোদি সরকার তাকে হত্যা করতে চেয়েছিল। কারণ, তিনি প্রকাশ্যে শিখদের স্বাধীনতার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এবং বিভিন্ন হুমকি ও ভয়ভীতি উপেক্ষা করে নিজের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
আদালতে পান্নুন আরো জানান, শিখদের স্বাধীনতার দাবিতে তিনি তার প্রচারণা অব্যাহত রাখবেন। তিনি বলেন, ‘আমার জনগণ এবং আমার মাতৃভূমি পাঞ্জাবের জন্য আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনই আমার জীবনের লক্ষ্য।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন