০৯:০৯ পি.এম
জলবায়ুজনিত দুর্যোগ, তাপপ্রবাহ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে। নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে আগাম পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থায়ী কুলিং সেন্টার ও যাত্রী ছাউনি স্থাপনের বিষয়েও জোর দেওয়া হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে জাতীয় পর্যায়ে প্রণীত Early Action Protocol (EAP)-এর খসড়া পরীক্ষণের মাধ্যমে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে 'Lesson Learned Workshop from Testing the Draft National Early Action Protocol' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে নগরীর হোটেল এক্স মিলনায়তনে আয়োজিত কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন।
আরও পড়ুন: লালপুরে কোটি টাকার সড়ক সংস্কারে দুদকের অভিযান
কর্মশালায় মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীতে তাপপ্রবাহ মোকাবিলা ও নগরবাসীর সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। রাজশাহী শহরকে আরও বাসযোগ্য ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও এনজিওকে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ও নগরের পরিবেশ উন্নয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার বিষয়েও আলোচনা করা হয়। নগর সবুজায়নে সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এ সভায়।
রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের মধ্যেও নগরীর খেলার মাঠ উন্নয়ন ও মুক্তমঞ্চের সামনে সিনিয়র সিটিজেন পার্ক স্থাপনের উদ্যোগের কথা জানান দেওয়া হয়।
সম্প্রতি তীব্র তাপপ্রবাহ মোকাবিলা করতে নগরীর রেলগেট ও লক্ষ্মীপুর মোড়ে দুটি কুলিং সেন্টার নির্মাণ করা হয়েছে। এসব কুলিং সেন্টারে বিনামূল্যে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ করা হচ্ছে। তাছাড়া অসুস্থ হয়ে আসা নগরবাসীর রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে কর্মশালায় আলোচনা হয়।
আরও পড়ুন: তালগাছিয়া মাদরাসার উন্নয়নে ৩১৩ বদরী ও দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত
রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সেক্রেটারি ডা. মোঃ শামীম হোসেন চৌধুরী নগরীতে স্থায়ী কুলিং সেন্টার স্থাপনের জন্য সিটি কর্পোরেশনের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তীব্র তাপপ্রবাহের সময় নগরবাসীকে স্বস্তি ও সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কুলিং সেন্টার এবং যাত্রী ছাউনি স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়টি তিনি উল্লেখ করেন।
প্রশাসক মাহফুজুর রহমান রিটন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এছাড়া তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ভূমিকাকে তিনি প্রশংসা করেন।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু সিটি কর্পোরেশনের প্রশাসকের মানবিক উদ্যোগগুলোর জন্য কৃতজ্ঞতা জানান এবং তাঁর ভবিষ্যৎ সাফল্যের আশা প্রকাশ করেন। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।
কর্মশালায় অংশগ্রহণকারীরা তাপপ্রবাহের মতো জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় আগাম পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও স্থানীয় অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদারের গুরুত্ব আরোপ করা হয়।
আরও পড়ুন: রংপুরে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এনসিপির মোটরসাইকেল শোডাউন
এদিকে, আইসিআরসির সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ ও প্রশিক্ষণ বিভাগের আয়োজনে চার দিনব্যাপী 'অ্যাডভান্স ফার্স্ট এইড' প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রশিক্ষণটি ১৭ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে রাজশাহী বিভাগের ৯টি জেলার ৩০ জন যুব স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ তৌহিদ হাসান, আইসিআরসি থেকে আগত ফার্স্ট এইড প্রোগ্রাম ম্যানেজার ডা. জালিসা খানম, হেলথ ফিল্ড অফিসার ফারহানা আক্তার ডলি, জাতীয় সদর দফতরের প্রোগ্রাম অফিসার মোঃ দিদারুর আলম (রাফি), প্রশিক্ষণ বিভাগের উপ-সহকারী পরিচালক এস এম জাহিদুর রহমান এবং ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান।
আয়োজকরা জানান, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে কার্যকর মানবিক সহায়তা পৌঁছে দিতে এ ধরনের প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই এর ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সহযোগিতায় ঢাকা থেকে ডাকাত সর্দারসহ ২ ডাকাত গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন