০৭:৩৫ পি.এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিশেষ অভিযান চলমান রয়েছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।
তিনি বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রথম ৬০ দিনে অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সারাদেশে ৩০ হাজার ৭৪৪টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ হাজার ২৫১টি মামলা দায়ের করা হয়েছে এবং ৯ হাজার ৬৮৫জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী এসব তথ্য জানান।
আরও পড়ুন: ফুচকা টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড ব্যবহার, শিক্ষার্থীরা ঝুঁকিতে
তিনি আরও জানান, মাদকের বিস্তাররোধে মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের কঠোর অবস্থান এবং জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। এই কর্মপরিকল্পনা অনুযায়ী উপজেলা/জেলাভিত্তিক অবৈধ মাদক ব্যবসায়ীদের তালিকা এবং মেট্রোপলিটন এলাকার থানাভিত্তিক মাদকব্যবসায়ীদের তালিকা প্রস্তুত ও হালনাগাদ করা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যেকোনো অপরাধী বা মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ করা একটি চলমান প্রক্রিয়া। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহ অপরাধীদের তালিকা প্রস্তুত করে পরিকল্পনা মোতাবেক তালিকা হালনাগাদ করে থাকে।
মাদক, অস্ত্র উদ্ধার ও সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে গত ১ মে হতে দেশব্যাপী সুনির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক বিশেষ অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: মধুটিলা ইকোপার্কে অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন