০৮:৫৫ এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকালে তাঁর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনীতে একটি ইটের টুকরো এসে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত বরিশাল সফর উপলক্ষে সকাল থেকেই মহাসড়কের দুই পাশে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অবস্থান নিয়ে তাঁকে স্বাগত জানানোর অপেক্ষায় ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর বহনকারী বাসটি অতিক্রম করার কিছুক্ষণ পর স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একটি জিপের সামনের অংশে একটি ইটের টুকরো এসে আঘাত হানে।
ঘটনাটি ইচ্ছাকৃত ইট নিক্ষেপ নাকি চলন্ত কোনো যানবাহনের চাকা থেকে ছিটকে আসা পাথর বা ইটের খণ্ড—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, “কোনো গাড়ির টায়ার থেকে ওই টুকরো ছিটকে এসেছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করেছে—বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং এ ঘটনায় কোনো মামলাও হয়নি। ঘটনাটি নিয়ে গভীর তদন্ত চলছে।”
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্থিরচিত্রে এক যুবককে সন্দেহভাজন হিসেবে দাবি করে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় বা ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে আ. লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন