প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চল বর্তমানে বিভিন্ন ধরনের ফসলে সবুজে ভরে উঠেছে। নদীর পানি দ্রুত নেমে যাওয়ার ফলে এসব চরভূমি আগেভাগেই চাষাবাদের জন্য উপযোগী হয়ে উঠেছে। কৃষকেরা এই সুযোগ কাজে লাগিয়ে মরিচ, মিষ্টি কুমড়া, ভুট্টা, চিনাবাদাম, মসুর, খেসারি, পেঁয়াজ, গমসহ নানা ধরনের ফসল চাষ করেছেন। কিছু কৃষক জমিতে পরিচর্যায় ব্যস্ত, আবার কেউ আগাম ফলন তুলছেন। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে চরাঞ্চল থেকে বিপুল পরিমাণ ফসল উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা।
এ বছর সারিয়াকান্দিতে বড় ধরনের বন্যা না হওয়ায় যমুনা নদীর পানি দ্রুত কমে গেছে। উজান থেকে আসা পলিমাটি জমে নতুন নতুন চর সৃষ্টি হয়েছে। এসব চরভূমি আগেভাগেই চাষাবাদের উপযোগী হয়ে ওঠায় কৃষকেরা নির্ধারিত সময়ের আগে বিভিন্ন ফসলের আবাদ শুরু করেছেন। ফলে বিস্তীর্ণ চরাঞ্চলজুড়ে এখন সবুজ ফসলের সমারোহ দেখা যাচ্ছে।
চরাঞ্চলের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কোথাও মরিচের গাছে ঝুলছে লাল-সবুজ মরিচ, কোথাও মাটিতে ছড়িয়ে রয়েছে মিষ্টি কুমড়ার লতা। আবার কোনো জমিতে বেড়ে উঠছে ভুট্টা, চিনাবাদাম ও শীতকালীন বিভিন্ন ফসল। কৃষকরা ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ শ্যালো মেশিনের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছেন, আবার কেউ কীটনাশক প্রয়োগ ও পরিপক্ব ফসল সংগ্রহ করছেন।
এ মৌসুমে কৃষকেরা আগাম হাইব্রিড জাতের মরিচ চাষ করেছেন। ইতোমধ্যে অনেক জমির মরিচ পরিপক্ব হয়ে বাজারজাত করা হচ্ছে। তবে বাজারে মরিচের দাম তুলনামূলক কম থাকায় উৎপাদন খরচের তুলনায় প্রত্যাশিত লাভ পাচ্ছেন না বলে জানিয়েছেন কৃষকেরা।
অন্যদিকে চরাঞ্চলের বিস্তীর্ণ পতিত জমিতে ব্যাপকভাবে মিষ্টি কুমড়ার আবাদ করা হয়েছে। অনেক কৃষক ইতোমধ্যে আগাম কুমড়া বাজারজাত শুরু করেছেন। তবে অসময়ে বৃষ্টিপাতের কারণে মিষ্টি কুমড়ার ফলন আশানুরূপ হয়নি বলে অভিযোগ করেছেন তারা।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, সারিয়াকান্দি উপজেলায় উৎপাদিত বিভিন্ন ফসলের একটি বড় অংশ আসে চরাঞ্চল থেকে। চলতি মৌসুমে মরিচ, মিষ্টি কুমড়া, ভুট্টা, চিনাবাদাম, মসুর, পেঁয়াজ, খেসারি, মাসকলাই, মিষ্টি আলু, গম, সরিষা ও বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ হয়েছে।
কৃষি অফিসের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৬৭০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ২ হাজার ৭০০ হেক্টর জমিতে। মিষ্টি কুমড়ার লক্ষ্যমাত্রা ১৫০ হেক্টর হলেও আবাদ হয়েছে ২৫০ হেক্টরে। ভুট্টার লক্ষ্যমাত্রা ৮ হাজার ৮৯৫ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৪ হাজার ৫০০ হেক্টরে।
এছাড়া চিনাবাদামের লক্ষ্যমাত্রা ৯১৫ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৭০৫ হেক্টরে। মসুর কলাইয়ের লক্ষ্যমাত্রা ১ হাজার ২০ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৭৫৫ হেক্টরে। পেঁয়াজের লক্ষ্যমাত্রা ১ হাজার ৬১০ হেক্টর। এ পর্যন্ত আবাদ হয়েছে ৪৭ হেক্টর জমিতে। এ আবাদ কার্যক্রম এখনো চলমান রয়েছে।
অন্যদিকে খেসারির লক্ষ্যমাত্রা ৮০৫ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৬৮০ হেক্টরে। মাসকলাইয়ের লক্ষ্যমাত্রা ৭৫৩ হেক্টর, আবাদ হয়েছে ৬৩৫ হেক্টরে। মিষ্টি আলুর লক্ষ্যমাত্রা ৪৮৫ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৪৯০ হেক্টরে। গমের লক্ষ্যমাত্রা ৪৭০ হেক্টর হলেও এ পর্যন্ত আবাদ হয়েছে ১৫ হেক্টরে। সরিষার লক্ষ্যমাত্রা ৩ হাজার ৩৫০ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ১ হাজার ৮৫০ হেক্টরে। এছাড়া বিভিন্ন ধরনের শাকসবজির লক্ষ্যমাত্রা ৭৪০ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৭১০ হেক্টর জমিতে। এসব ফসলের কয়েকটির আবাদ কার্যক্রম এখনো চলমান রয়েছে।
উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল মোমিন বলেন, "যমুনার বুকে জেগে ওঠা নতুন চরে এবার বিভিন্ন ধরনের ফসলের আবাদ করেছি। ১০ বিঘা জমিতে মিষ্টি কুমড়া, ৪ বিঘা জমিতে হাইব্রিড জাতের মরিচ, ৩ বিঘা জমিতে চিনাবাদাম এবং ৬ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। এসব ফসলের পরিচর্যায় দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। ইতোমধ্যে মিষ্টি কুমড়া ও মরিচ সংগ্রহ শুরু করেছি। তবে বাজারে মরিচের দাম কম থাকায় আশানুরূপ লাভ হচ্ছে না। অন্যদিকে অসময়ের বৃষ্টিতে মিষ্টি কুমড়ার ফলনও কিছুটা কম হয়েছে।"
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, "প্রতিবছরের মতো এবারও চরাঞ্চলের কৃষকেরা যমুনার বুকে জেগে ওঠা নতুন চরে বিভিন্ন ধরনের ফসলের আবাদ করেছেন। এর মধ্যে মরিচ, মিষ্টি কুমড়া ও ভুট্টার আবাদ উল্লেখযোগ্য। বর্তমানে কৃষকেরা এসব ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উৎপাদিত ফসলের বাজারদর ভালো থাকলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।"
যমুনার বুকে জেগে ওঠা চরভূমি এখন কৃষকের জীবিকার উৎস হিসেবে কাজ করছে, পাশাপাশি সারিয়াকান্দির কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। সঠিক পরিচর্যা, অনুকূল আবহাওয়া ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এসব চরাঞ্চল উপজেলা কৃষি উৎপাদনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন