০১:২৪ পি.এম
বাংলাদেশের রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ আমের বাজারে মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে তিনি হাটে এসে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান এবং পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রদূত সফরের সময় হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি স্থানীয় ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণ করেন।
আরও পড়ুন: সাঘাটায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
হাটে উপস্থিত ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূতের এমন সফরে তারা অত্যন্ত আনন্দিত। এতে রাজশাহীর আম আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি পাবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।
স্থানীয় কৃষকরা মন্তব্য করেছেন, রাজশাহীর আমের গুণগত মান ও স্বাদের জন্য তারা বিশ্বব্যাপী পরিচিত। বিদেশি কূটনীতিকদের এ ধরনের পরিদর্শন দেশের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
পরিদর্শনের শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের জানান, রাজশাহীতে রাষ্ট্রদূত হিসেবে এটি তার প্রথম সফর। ২০২০ সালে তিনি একবার এসেছিলেন, তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছেন কারণ তিনি রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলেন। তিনি জানান, "আমি এখানে আসতে পেরে সত্যিই আনন্দিত। আমি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছি। পণ্য যেখানে উৎপাদিত হয় সেখানে যাওয়ার মতো সেরা অভিজ্ঞতা আর নেই—সবচেয়ে তাজা, সবচেয়ে বৈচিত্র্যময় এবং সেরা জিনিসটি দেখার সুযোগ সেখানে পাওয়া যায়। সেই অভিজ্ঞতার কোনো তুলনা হয় না।"
তিনি আরও বলেন, "আমেরিকানরা আম খুব পছন্দ করে। যদিও আমরা সাধারণত সেগুলো হিমায়িত অবস্থায় পাই এবং শেক তৈরিতে ব্যবহার করি। যুক্তরাষ্ট্রে আম পাওয়া যায়, তবে আমি মনে করি না সেখানে এখানকার মতো এত তাজা আম পাওয়া সম্ভব।"
আরও পড়ুন: কাউখালীতে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা বাড়াতে মার্কিন রাষ্ট্রদূত পরামর্শ দেন যে, "আমি মনে করি বাংলাদেশের আরও কোল্ড চেইন (হিমাগার ব্যবস্থা) প্রয়োজন। কারণ সারা বছর আমের সহজলভ্যতার জন্য হিমায়িত আম রপ্তানির জন্য সবচেয়ে উপযোগী। তাই সারা বছর আমের উন্নত উৎপাদন ও রপ্তানির জন্য বাংলাদেশের কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন