১০:২৯ পি.এম
হরমুজ প্রণালি অতিক্রম করে বিকল্প পথে আরও একটি চালান অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) দেশে এসেছে।
এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে এমটি নিনেমিয়া নামের একটি জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এটি বাংলাদেশে আসা ক্রুড অয়েলের তৃতীয় চালান।
আরও পড়ুন: নড়াইলের লোহাগড়া ও কালিয়ায় এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেড় মাসেরও কম সময়ে তিনটি চালান আমদানি করতে সক্ষম হয়েছে।
নতুন চালান যুক্ত হওয়ায় রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের কাঁচামালের মজুতও আরও বৃদ্ধি পাবে।
ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মো. মোস্তাফিজার রহমান জানান, এমটি নিনেমিয়া বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে এবং এক লাখ টন ক্রুড অয়েল খালাসের প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলি জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য সংকট শুরুর আগে সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি একটি ক্রুড অয়েলের চালান দেশে এসেছিল।
আরও পড়ুন: গোমস্তাপুরে ৩৪ বস্তা ডিএপি সার জব্দ, এনামুল হককে ১০ হাজার টাকা জরিমানা
যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় আড়াই মাস মধ্যপ্রাচ্য থেকে ক্রুড অয়েল আমদানি বন্ধ থাকে এবং কাঁচামালের সংকটে গত ১২ এপ্রিল চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারির প্রধান ইউনিটের উৎপাদন কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি মোকাবিলায় বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ৬ মে এমটি নিনেমিয়া জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল আমদানি করা হয়।
মধ্যপ্রাচ্য সংকটের পর সেটিই ছিল প্রথম চালান, যার কাঁচামাল ব্যবহার করে ইস্টার্ন রিফাইনারি পুনরায় উৎপাদন শুরু করে।
এরপর ২২ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এমটি ফসিল জাহাজে আরও এক লাখ টন ক্রুড অয়েল আমদানি করা হয়।
আরও পড়ুন: ইউএনওর প্রশংসনীয় উদ্যোগে আরএমপি’র নারী শ্রমিক নিয়োগে লটারি
সর্বশেষ বুধবার এমটি নিনেমিয়া আরও এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে পৌঁছেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে ইস্টার্ন রিফাইনারি কাঁচামাল হিসেবে অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহার করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), পেট্রোল, কেরোসিন, ডিজেল, ফার্নেস অয়েল ও বিটুমিনসহ ১৩ ধরনের জ্বালানি ও উপজাত পণ্য উৎপাদন করে থাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন