০৫:২০ পি.এম
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর সোয়া ১টা ১৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটেছে।
এনসিপি এক বিবৃতিতে জানিয়েছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে হামলার ঘটনাটি ঘটে। হামলায় তাঁদের দলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক সহ দলের অন্যান্য নেতা নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ বলেছেন, যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশ-ইন চেষ্টার প্রতিবাদে বুধবার দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তাঁরা সীমান্ত পরিদর্শন করেন। এ সময় সেখানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাদিপুর পরিদর্শন শেষে যখন তাঁরা গাড়িতে উঠছিলেন, তখন কিছু যুবক গাড়িতে ডিম নিক্ষেপ করে পালিয়ে যায়।
আরও পড়ুন: যানজট নিরসনে কাজ করে যাচ্ছে শাহজাদপুর উপজেলা ও পৌর প্রশাসন
পরে, যখন তাঁরা দুটি গাড়িতে করে বেনাপোল বাজারে পৌঁছান, তখন অভিযোগ করা হয় যে স্থানীয় বিএনপি নেতারা হামলা চালান।
এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে একটি কাচভাঙা গাড়ির জানালার ছবি পোস্ট করে লিখেছেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরবাড়ি পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।’
তিনি আরও বলেন, ‘ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ জন আহত হয়েছেন। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।’
তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেন বলেন, ‘এনসিপি নেতার বহরে হামলা ও আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। বরং নির্বিঘ্নে তাঁদের কর্মসূচি পালন করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সহায়তা প্রদান করা হয়েছে।’
আরও পড়ুন: আইইবি চট্টগ্রাম কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, ‘পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। স্বাভাবিক পরিবেশেই এনসিপির কর্মসূচি শেষ হয়েছে। এ ধরনের কোনো হামলা ঘটেনি। এনসিপি নেতাদের অভিযোগ মিথ্যা।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন