প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতে পাকিস্তানি নাটক, গান ও চলচ্চিত্রের প্রচার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবুও, দেশটির দর্শকদের মধ্যে পাকিস্তানি নাটক, গান ও চলচ্চিত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-এ-নিজাত’ ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।
সম্প্রতি নয়াদিল্লিতে নাটকটির প্রদর্শনীর আয়োজন করেন সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান। ৪৫ জনের জন্য আয়োজন করা হলেও এতে অংশ নিতে আবেদন করেন সাতশ’ জনের বেশি মানুষ। সামাজিকমাধ্যমে দর্শকেরা নাটকটির দৃশ্য, গল্প ও চরিত্র নিয়ে আলোচনা করছেন। বিভিন্ন শহরে দলবদ্ধ প্রদর্শনীর আয়োজনও করা হচ্ছে। তবে বেঙ্গালুরুতে পুলিশের নজরদারির কারণে অন্তত দুটি প্রদর্শনী বাতিল হয়েছে।
নাটকটির আবু বকর চরিত্রটি ভারতীয় দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। সামাজিকমাধ্যমে ভক্তদের স্লোগান, ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’—অর্থাৎ ধৈর্যের ফল নয়, চাই আবু বকর। দর্শকদের মতে, চরিত্রটির সহানুভূতিশীল আচরণ তাদের আকৃষ্ট করেছে।
নিষেধাজ্ঞা
ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে গত এক দশকে দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ ক্রমাগত সীমিত হয়ে এসেছে। ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরো অবনতি ঘটে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। এরপর দুই দেশের মধ্যে চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি হয়।
পরবর্তীতে ভারতে পাকিস্তানি গান, চলচ্চিত্র ও নাটক প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়া হয়। সম্প্রতি নেটফ্লিক্সকেও ভারতে প্রদর্শিত পাকিস্তানের প্রথম একটি সিরিজ সরিয়ে নিতে বলেছে নয়াদিল্লি।
তবে ভারতীয় দর্শকেরা ভিপিএন ও প্রক্সি ব্যবহার করে এসব কনটেন্ট দেখছেন। প্রযুক্তি প্রতিষ্ঠান টপ১০ভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়েছিল।
জনপ্রিয়তার কারণ কী
পাকিস্তানি টেলিভিশন নেটওয়ার্ক এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজার দাবি করেছেন, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট ভিউয়ের ৩০ থেকে ৩৫ শতাংশ ভারত থেকে আসে। তার ভাষায়, ‘বর্তমান সময়ে কনটেন্ট দেখা কঠিন করা যায়, কিন্তু পুরোপুরি থামানো যায় না।’
এর আগে পাকিস্তানি নাটক ‘তেরে বিন’ (২০২২) এবং ‘কাভি ম্যায় কাভি তুম’ (২০২৪) ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
বিশ্লেষকদের মতে, দুই দেশের ভাষা, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার মিল পাকিস্তানি নাটককে ভারতীয় দর্শকদের কাছে সহজবোধ্য ও আকর্ষণীয় করে তুলেছে। পাশাপাশি পাকিস্তানের নাটক নির্মাণের মানও বেড়েছে।
সাংস্কৃতিক আয়োজক সুফিয়ান খানের মতে, ভারতীয় চলচ্চিত্র ও নাটকে অনেক সময় মুসলিম চরিত্রকে গতানুগতিকভাবে উপস্থাপন করা হয়। অন্যদিকে ‘দার-এ-নিজাত’-এ ইসলামকে সহজ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলকভাবে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের আকৃষ্ট করছে।
সংস্কৃতি ভাঙছে সীমান্তের দূরত্ব
দিল্লির নীতিবিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মার মতে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয়দের মধ্যে পাকিস্তানি নাটক, গান ও সামাজিকমাধ্যমের কনটেন্ট গ্রহণের প্রবণতা বেড়েছে। এর ফলে দুই দেশের মানুষের মধ্যে প্রচলিত ভুল ধারণা ও দূরত্ব কমছে।
পাকিস্তানি অভিনেত্রী ও সংগীতশিল্পী হানিয়া আমিরও ভারতে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার ‘পাবলো’ গানটিতে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের অংশগ্রহণ দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগের নতুন উদাহরণ।
পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, প্রযুক্তির পরিবর্তনের কারণে এখন সীমান্ত ও নিষেধাজ্ঞা দিয়ে সাংস্কৃতিক যোগাযোগ পুরোপুরি আটকে রাখা কঠিন। পাকিস্তানেও দীর্ঘদিন ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ ছিল। কিন্তু পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে সেখানে বলিউডের জনপ্রিয়তা বজায় ছিল।
বিসারিয়ার ভাষায়, ভারত-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে সংস্কৃতি সব সময়ই দুই দেশের মানুষের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে—রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক না কেন। ‘দার-এ-নিজাত’-এর জনপ্রিয়তা আবারো সেই বাস্তবতার প্রমাণ দিচ্ছে।
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন