০৩:২৪ পি.এম
জীবন আমূল বদলে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে বাস্তবতার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তিনি মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করার পাশাপাশি, সন্তান জন্মের পর নারীদের প্রতি সমাজের আচরণ ও মানসিকতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেছেন, মাতৃত্ব তাঁর জীবন, চিন্তাভাবনা এবং পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিতে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর মতে, একজন নারীর ব্যক্তিগত ও মানসিক বিকাশে মা হওয়ার অভিজ্ঞতার গভীর প্রভাব রয়েছে।
কিয়ারা বলেছেন, ‘মা হওয়ার অভিজ্ঞতা সব দিক থেকেই একেবারে অন্যরকম। তবু আমার মনে হয় যে পরিচালকেরা আমার সঙ্গে কাজ করবেন, তাঁরা আমার সেরা দিকটিই দেখতে পাবেন। মাতৃত্বের এই জার্নি আমার মধ্যে, আমার জীবনে এবং জগৎ সম্পর্কে আমার উপলব্ধিতে এক নতুন দিক উন্মোচন করেছে।’
আরও পড়ুন: গোপালগঞ্জে আন্দোলনে অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও ৪ কোম্পানির ব্যাংক হিসাব জব্দ
যদিও মাতৃত্বের আনন্দের পাশাপাশি সমাজের মধ্যে একটি বৈপরীত্যপূর্ণ আচরণের দিকও তুলে ধরেছেন অভিনেত্রী। তাঁর মতে, গর্ভাবস্থায় একজন নারীকে প্রশংসায় ভাসানো হলেও, সন্তান জন্মের পর মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়।
সন্তান জন্মের পর নারীর শারীরিক পরিবর্তন, ওজন বৃদ্ধি কিংবা চেহারার গঠন নিয়ে শুরু হয় নানা মন্তব্য ও সমালোচনা। এ প্রসঙ্গে কিয়ারা বলেন, ‘যখন আপনি গর্ভবতী থাকেন, তখন সবাই বলে, ‘ওহ মাই গড, তোমায় কী সুন্দর দেখাচ্ছে।’ আর সন্তান হওয়ার পরমুহূর্তেই মনোভাব বদলে যায়। তখন বলা হয় ‘এখন তো খুব মোটা লাগছে। কেমন একটা যেন হয়ে গেলে।’
কিয়ারা মনে করেন, একজন নারীর জীবনে সন্তান জন্মের পরের সময়টাই সবচেয়ে বেশি সংবেদনশীল। অথচ ঠিক সেই সময়েই অনেক নারীকে মানসিক চাপ, সামাজিক সমালোচনা এবং অনাকাঙ্ক্ষিত মন্তব্যের মুখোমুখি হতে হয়।
অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় একজন মেয়েকে ‘দেবী’ বানিয়ে রাখা হয়। তবে সন্তান জন্মের পরে একজন মেয়ের জীবনের কঠিন সময় শুরু হয়। অভিনেত্রীর কথায়, ‘ঠিক সবচেয়ে বেশি যে সময়ে মানসিক শান্তির প্রয়োজন, তখনই ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় বহু নারীকে।’
আরও পড়ুন: কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযানে দুজন গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার
কিয়ারার এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা উসকে দিয়েছে। অনেকেই মনে করছেন, মাতৃত্ব-পরবর্তী সময়ে নারীদের শারীরিক পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং তাদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া জরুরি— সেই বার্তাই তুলে ধরেছেন অভিনেত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন