প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কবিরা নিজেদের স্বতন্ত্র জগতের সম্রাট হিসেবে বিচরণ করেন, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, কবিতা বা সাহিত্যের মধ্যে কে বড় এবং কে ছোট, সেই পার্থক্য নেই।
রোববার (২২ নভেম্বর) রাতে রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
রিজভী উল্লেখ করেন, তিনি কবিতা বা সাহিত্যের তাত্ত্বিক ব্যক্তি নন। কবি শাহিন রেজা তাকে যেভাবে উপস্থাপন করেছেন, তা নিয়ে তিনি জানান, তিনি মোটেও কবিতা বা সাহিত্যের মানুষ নন। সাহিত্যের আলোচনা ও উপস্থাপনার জন্য যে ব্যাকরণ প্রয়োজন, তা জানেন না।
তিনি বলেন, কবিদের সম্পর্কে ছোটবেলার ধারণার কথা তুলে ধরে, অনেকের মধ্যে একটি বিশ্বাস ছিল যে কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত। তাদের চলাফেরা ও কথাবার্তা ভিন্ন ধরনের হয়। ছোটবেলা থেকে তারও এমন ধারণা ছিল। এমনকি কবিরা ছয় মাস গোসল করেন না— এমন ধারণাও ছিল। তবে স্টালিনকে দেখে তার সেই ধারণা বদলে গেছে। কবিরা স্মার্ট ও পরিচ্ছন্ন হতে পারেন, স্টালিন তার উদাহরণ। তিনি সমাজের একজন অগ্রগণ্য মানুষ।
নারী প্রসঙ্গে নিজের এক শিক্ষকের পরামর্শ উল্লেখ করে রিজভী বলেন, বিখ্যাত কবিদের সাবধানে চলতে হয়। কবিতা লেখার প্রেরণায় অনেক নারী বন্ধু জুটতে পারেন। তবে তার এক বাংলার শিক্ষক বলেছিলেন, কবিদের বেশি জড়িয়ে পড়া উচিত নয়। কবিতার প্রেরণায় নারীরা আসতে পারেন, কিন্তু বেশি গভীরে যাওয়া যাবে না। বেশি গভীরে গেলে কাব্যপ্রতিভা নষ্ট হয়ে যেতে পারে। পুকুরে ঢিল ছুড়ে পাশ দিয়ে চলে যাওয়ার মতো বিষয়টি সামলাতে হবে।
কবি স্টালিনের সামাজিক ও পারিবারিক জীবনের প্রশংসা করে তিনি বলেন, সবার সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে। কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে কাজ করলে তার মতো যোগ্যতাসম্পন্ন দ্বিতীয় কাউকে পাওয়া কঠিন হবে। তবে প্রচণ্ড সামাজিক হওয়ার পরেও, দিনশেষে তিনি স্ত্রী ও কন্যার কাছে ফিরে যান। আড্ডার মধ্যেও স্ত্রীর বাজারের নির্দেশনা—পেঁয়াজ, ছোট মাছ ও লবণ কেনার কথা তার মাথায় থাকে। বাজার নিয়েই তাকে বাড়ি ফিরতে হয়, এটিও তার অসাধারণ একটি গুণ।
স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, কবিতার গভীরে যেতে না পারলেও তিনি একজন কাব্যরসিক ও কাব্যপ্রেমী। এরশাদবিরোধী আন্দোলনের সময় এবং কারাবাসের দিনগুলোতে কবি মোহন রায়হানের উদ্দীপনামূলক কবিতা তাকে অনুপ্রাণিত করত। সে সময় ভিন্ন ভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারা অভিন্ন লক্ষ্যে একত্রিত হয়েছিলেন। বন্ধু, সহপাঠী ও সহপাঠিনীদের মনোযোগ আকর্ষণ করতেও সেসব কবিতা আবৃত্তি করতেন বলে জানান তিনি।
কবি স্টালিনকে ‘স্বায়ত্তশাসিত ও সার্বভৌম’ কবি হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, স্টালিন তার কবিতায় এমন একটি অন্তর্জগৎ গড়ে তুলেছেন, যার প্রতিফলন প্রতিটি অক্ষর ও বাক্যে ফুটে ওঠে। তিনি নিজের সার্বভৌম সত্তাকে কখনো বিসর্জন দেননি বলেই নিজস্ব একটি কাব্যধারা তৈরি করতে পেরেছেন।
বক্তব্যে ইংরেজ কবি পি বি শেলীর ‘পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অব দ্য ওয়ার্ল্ড’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর হতে আহরি বচন/ আনন্দলোকে করি বিরচন’ পঙক্তি উদ্ধৃত করেন রিজভী। তিনি বলেন, একজন কবির বড় সার্থকতা হলো, নিজের অন্তর থেকে বাণী আহরণ করে পাঠককে সেই আনন্দলোকে বিচরণ করানোর ক্ষমতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন