০৩:২৩ পি.এম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ গ্রহণ করে, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের পাঠানো প্রতিটি বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে প্রতিষ্ঠিত করার কথাও উল্লেখ করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে দ্য নিউইয়র্ক পোস্ট-এর সাংবাদিক মিরান্ডা ডিভাইনের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।
ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ বা সিনেটের নিয়ন্ত্রণ গেলে তিনি কী করবেন—এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমার ধারণা, আমি মিস্টার ভেটো হয়ে উঠব। তাদের দেশটা ধ্বংস করতে দেব না।’
আরও পড়ুন: সৌদি আরবে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর
তিনি আরও বলেন, ডেমোক্র্যাটদের পাঠানো বিলে এক-দুই মাস ধরে ভেটো দিতে থাকলে তারা একসময় বুঝতে পারবে, এতে শুধু সময় নষ্ট হচ্ছে। তখন তারা আলোচনায় বসে সমঝোতায় আসতে বাধ্য হবে।
তবে রিপাবলিকানদের নির্বাচনে জয়ের ব্যাপারে ট্রাম্প আশাবাদী। তিনি বলেন, ‘আমরা জিতব বলেই মনে হচ্ছে, ভালো ফল করব। তবে যদি না জিতি, তাহলে আমি সবকিছুতেই ভেটো দেব। ভেটো, ভেটো আর ভেটো।’
ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি ১০টি বিলে ভেটো দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে তিনি এখন পর্যন্ত দুটি ভেটো দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট কোনো বিলে ভেটো দিলেও প্রতিনিধি পরিষদ ও সিনেটের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে তা অগ্রাহ্য করে আইনে পরিণত করা যায়।
সাক্ষাৎকারে ট্রাম্প তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেন। তবে তিনি স্বীকার করেন, সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না।
আরও পড়ুন: ভারতের সরকারি কর্মকর্তার বাড়ি থেকে উদ্ধার হলো আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন