০৫:৪৯ এম
শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয়রা প্রতিষ্ঠানটির শিক্ষক ইমরান ছৈয়ালকে আটক করে পুলিশে দিয়েছেন।
রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার দারুল আরকান ইবতেদায়ী মাদরাসায় স্থানীয়রা ইমরানকে আটকে রাখেন। পরে পুলিশ খবর পেয়ে গিয়ে তাকে পালং মডেল থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র মতে, অভিযুক্ত ইমরান ছৈয়াল দারুল আরকান ইবতেদায়ী মাদরাসার অফিস সহকারীর পাশাপাশি শিশুদের কুরআন ও বাংলা পড়াতেন।
আরও পড়ুন: মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই
সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন এবং পরে ভয়ভীতি দেখান। সম্প্রতি আরেক শিশুকে যৌন নিপীড়ন করার পর সেই শিশুটি বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। তবে প্রথম দিকে পরিবারের সদস্যরা শিশুটির কথায় গুরুত্ব দেননি। ১৮ জুন ফিরে শিশুটি আরও একবার ইমরানের শিকার হলে মাদরাসা শেষে বিষয়টি পরিবারের কাছে তুলে ধরে। তাদের মাদরাসায় গিয়ে অভিযুক্তকে না পেয়ে উক্ত ঘটনার কিছুদিন পর স্থানীয়দের সঙ্গে মিলে পুনরায় গিয়ে তার পরিচয় নিশ্চিত করেন এবং ইমরানকে আটক করা হয়। এরপর পুলিশ আসে এবং তাকে হেফাজতে নেয়।
ভুক্তভোগী শিশুর মা বলেন, "কয়েকদিন ধরে আমার মেয়ে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। বৃহস্পতিবার আবারও মেয়ে এসে বলল শিক্ষক ইমরান তার শরীরে হাত দিয়েছেন। পরে আমরা মাদরাসায় গিয়ে তাকে খুঁজে পাইনি। আজ এলাকায় লোকজনের সহায়তায় তাকে ধরেছি এবং শুনেছি আমার মেয়ে ছাড়াও আরও অনেক শিশুর সঙ্গে ইমরান এমন কাজ করেছেন। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।"
স্থানীয় বাসিন্দা ইলিয়াস হোসেন জানান, "অনেক বাচ্চা তাদের মায়েদের বিষয়টি বলেছিল, কিন্তু লোকলজ্জার কারণে কিছু বলেনি। আজ একজন অভিভাবক প্রতিবাদ করায় সবাই এসে ঘটনাটি জানাল। আলেমরা সমাজের দর্পণ, তারা যদি এমন কাজ করে, তাহলে আমরা কোথায় যাব? আমরা এই অপরাধীর জন্য সর্বোচ্চ সাজা দাবি করছি।"
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, "স্থানীয়রা ওই শিক্ষককে আটকে রেখেছিল। খবর পাওয়ার পর ধানুকা এলাকা থেকে তাকে উদ্ধার করেছি। আমি ভুক্তভোগী শিশু ও তার অভিভাবকের সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
আরও পড়ুন: ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং নিয়ে আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন