ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লস অ্যাঞ্জেলস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে


লস অ্যাঞ্জেলস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে

২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এই বিষয়টি চূড়ান্ত হয়েছে শনিবার ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভায়।

অন্যদিকে, একই বছরে ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আইসিসি নারী অলিম্পিক বাছাইপর্ব।

এশিয়া, ইউরোপ, ওশেনিয়া এবং আফ্রিকা অঞ্চলের শীর্ষ র‌্যাঙ্কিংধারী দল হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে নারী অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসির চেয়ারম্যান নির্বাচিত জয় শাহ

পুরুষ এবং নারী উভয় বিভাগের বাছাইপর্বে আটটি করে দল অংশগ্রহণ করবে। দলগুলোকে চারটি করে দুই গ্রুপে বিভক্ত করে খেলানো হবে। প্রতিটি বাছাইপর্বে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপের প্রতিটি দল একবার করে অন্য দলগুলোর মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে উঠবে। ফাইনালে জয়ী দলই এলএ২৮ অলিম্পিকের চূড়ান্ত টিকিট পাবে।

এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য এটি হবে যোগ্যতা অর্জনের শেষ ধাপ।

১২৮ বছর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়ামঞ্চ অলিম্পিকে ক্রিকেট ফিরছে। পুরুষ এবং নারী উভয় বিভাগে অলিম্পিক পদকের জন্য ছয়টি করে দল লড়াই করবে। দলগুলোর যোগ্যতা মূলত মহাদেশীয় র‌্যাঙ্কিং এবং বাছাই টুর্নামেন্টের মাধ্যমে নির্ধারণ হবে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী দুই ইভেন্টেই সরাসরি খেলার সুযোগ পাবে, তবে তাদের র‌্যাঙ্কিংয়ের শর্ত পূরণ করতে হবে।

আরও পড়ুন: স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা: একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে খেলাধুলার আয়োজন

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকের প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ এম


ইরাকের প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন

ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের জন্য আহ্বান জানিয়েছেন। বিশেষ করে, তিনি ট্রাম্পের প্রতি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন।

রোববার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আমেদি এসব মন্তব্য করেন। সুলায়মানিয়ায় স্লেমানি স্ট্র্যাটেজিক ফোরামের ফাঁকে শুক্রবার (১৩ নভেম্বর) সাক্ষাৎকারটি নেওয়া হয়।

সাক্ষাৎকারে আমেদি ট্রাম্পকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, ইরানের সঙ্গে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার মাধ্যমে ট্রাম্প শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্বজুড়েও শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় অবদান রাখতে পারেন।

আমেদি বলেন, ‘আমি চাই, ট্রাম্প প্রথমবার নির্বাচিত হওয়ার সময়কার অবস্থানে ফিরে যান। তখন তাঁর লক্ষ্য ছিল সব যুদ্ধ বন্ধ করা—তা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ হোক কিংবা বিশ্বের অন্য যেকোনো যুদ্ধ।’

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতায় পৌঁছানো অত্যন্ত জরুরি। দুই দেশ অনন্তকাল ধরে যুদ্ধে লিপ্ত থাকতে পারে না। এ ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার প্রয়োজন রয়েছে।

সাক্ষাৎকারে আমেদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করার জন্য ইরাকের ভৌগোলিক অবস্থান ও সম্পর্ক রয়েছে। তাঁর দেশ দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে প্রস্তুত।

তিনি জানান, তুরস্কের আনতালিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে একই বার্তা দিয়েছেন। সেখানে তিনি ইরানকে শান্তির উদ্যোগ গ্রহণ এবং আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইরাকের প্রেসিডেন্ট এখন সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তথ্যসূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ এম


খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

দুর্বৃত্তরা রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ির দিকে বোমাটি নিক্ষেপ করে। তবে এ ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত সাড়ে ১২টার সময় একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে এসে উপস্থিত হয়। এরপর তারা ভবনের সিঁড়ির দিকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থের অভাবে আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ পর আগুন নিভে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন এ বিষয়ে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল এবং এতে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।

তিনি আরও জানান, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পুলিশ শনাক্ত করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ দলের কোন কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। আমরা এ বিষয়ে কাজ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ এম


যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক রোমান সেনাপতির পরিণতির উদাহরণ তুলে ধরে ওয়াশিংটনকে সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেন, সংখ্যাগতভাবে এগিয়ে থাকা সত্ত্বেও ওই সেনাপতি শেষ পর্যন্ত শোচনীয় পরাজয়ের শিকার হয়েছিলেন, যা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরাজয়ের ইঙ্গিত দেয়।

রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরাগচি এ মন্তব্য করেন। তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সম্পর্কে রুবিওর সাম্প্রতিক মন্তব্যের জবাব দেওয়া।

আরাগচি তাঁর পোস্টে উল্লেখ করেন, ‘তলোয়ারধারীদের আইন বোঝাতে যেয়ো না’—এটি এক রোমান সেনাপতির উক্তি। সংখ্যাগতভাবে এগিয়ে থাকা সত্ত্বেও তাঁর শেষ সামরিক অভিযান শোচনীয় পরাজয়ে শেষ হয়েছিল এবং যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পর তাঁকে শিরশ্ছেদ করা হয়।

পরে আরাগচি লেখেন, ‘এর চেয়ে ভালো প্রবাদ হলো—যারা অতীত মনে রাখতে পারে না, তারা একই ভুলের পুনরাবৃত্তি করতে বাধ্য হয়।’ তিনি উল্লেখ করেন যে রোমান সেনাপতি পম্পেই, যিনি জুলিয়াস সিজারের কাছে পরাজিত হয়ে মিসরে পালিয়ে যান এবং পরে সেখানে তাঁকে হত্যা করা হয়।

গত শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটনে ফেডারেলিস্ট সোসাইটির ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে রুবিও পম্পেইর প্রসঙ্গ তুলে ধরেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের সমালোচনা করে তিনি বলেন, আদালতটি যদি যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে তাদের সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা করে, তাহলে ওয়াশিংটনের জবাব হবে পম্পেইর মতো—‘তলোয়ারধারীদের আইন বোঝানো বন্ধ করো।’

আরাগচি রুবিওর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় পম্পেইর পরিণতির কথা উল্লেখ করেন। যদিও তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের পরাজয়ের কথা বলেননি, তবে তাঁর পোস্টকে চলমান সংঘাতে ওয়াশিংটনের বিরুদ্ধে পরোক্ষ হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। তথ্যসূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ চীন সাগর নিয়ে মতবিরোধ, আসিয়ান সম্মেলন চুক্তি ছাড়াই শেষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৯ এম


দক্ষিণ চীন সাগর নিয়ে মতবিরোধ, আসিয়ান সম্মেলন চুক্তি ছাড়াই শেষ

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা কমানোর লক্ষ্যে আচরণবিধি প্রণয়নের দীর্ঘ আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে খসড়া চুক্তির প্রায় ৮০ শতাংশ বিষয়ে প্রাথমিক ঐকমত্য গঠন হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।

রোববার (১৫ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো। তিনি উল্লেখ করেন, চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিশেষ করে, প্রস্তাবিত আচরণবিধি আইনগতভাবে বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধ বিদ্যমান।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ১১ সদস্যের আসিয়ান জোটের সভাপতির দায়িত্বে রয়েছে ফিলিপাইন। চলতি বছরের শেষ নাগাদ চুক্তি সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটি। তবে লাজারো আশা প্রকাশ করেন, আগামী বছর আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাওয়া সিঙ্গাপুরের উদ্যোগে আলোচনার অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে।

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় উত্তেজনা কমানোর লক্ষ্যে চীন এবং আসিয়ান দুই দশকের বেশি সময় ধরে একটি আচরণবিধি প্রণয়নের চেষ্টা করে আসছে। এই সাগরের বিভিন্ন অংশের ওপর চীন ছাড়াও ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের দাবি রয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো চায়, প্রস্তাবিত আচরণবিধি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক। তাদের অভিযোগ, দক্ষিণ চীন সাগরে চীন আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে। তবে বেইজিং বরাবরই দাবি করে আসছে, ওই অঞ্চলে তাদের কর্মকাণ্ড আইনসম্মত ও পেশাদার।

২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি আদালত এক রায়ে দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার ওপর চীনের বিস্তৃত দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে জানায়। তবে বেইজিং ওই রায় প্রত্যাখ্যান করেছে।

বিশেষ করে চীন এবং ফিলিপাইনের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ চীন সাগর নিয়ে একাধিকবার সামুদ্রিক সংঘাতের ঘটনা ঘটেছে। ফিলিপাইনের অভিযোগ, তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা জাহাজ বিপজ্জনকভাবে চলাচল করছে, জলকামান ব্যবহার করছে এবং সরবরাহ কার্যক্রমে বাধা দিচ্ছে। অন্যদিকে চীনের দাবি, ফিলিপাইন তাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করছে।

২০২২ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে, মিয়ানমারের নেতার আসিয়ানের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে জোটটি। ২০২১ সালে গৃহীত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে মিয়ানমার পর্যাপ্ত অগ্রগতি দেখাতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে দেশটিতে চলমান গৃহযুদ্ধে সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে বেসামরিক মানুষ আক্রান্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আসিয়ান নেতারা। তারা বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

নিষেধাজ্ঞা অনুযায়ী, মিয়ানমার আসিয়ান সম্মেলনে কেবল নিম্নপর্যায়ের পেশাদার কূটনীতিকদের মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারবে। চলতি বছর আসিয়ানের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব পাওয়ার কথা ছিল মিয়ানমারের। তবে দেশটির অভ্যন্তরীণ সংঘাতের কারণে সেই দায়িত্ব ফিলিপাইনের হাতে দেওয়া হয়।

২০২১ সালের এপ্রিলে মিয়ানমারের সংকট সমাধানে পাঁচ দফা ঐকমত্য গ্রহণ করেছিল আসিয়ান। ওই বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে গণতন্ত্রপন্থীদের ব্যাপক বিক্ষোভ শুরু হলে কঠোর দমন-পীড়ন চালানো হয়। পরে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে, যা দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে রূপ নেয়।

ম্যানিলায় আসিয়ান নেতারা পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অগ্রগতির ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে সব পক্ষকে বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর পরিকল্পিত হামলা বন্ধ করার আহ্বান জানান।

মিয়ানমারবিষয়ক আসিয়ানের বর্তমান বিশেষ দূত থেরেসা লাজারো বলেন, দেশটিতে এখনো বোমা হামলা ও মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ঘটছে। এসব সমস্যা কীভাবে মোকাবিলা করা হচ্ছে, তা ধাপে ধাপে পর্যবেক্ষণ করবে আসিয়ান।

এদিকে সাবেক সামরিক প্রধান মিন অং হ্লাইং নির্বাচনের পর মিয়ানমারের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। গত ডিসেম্বর ও জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন ব্যাপকভাবে কারচুপিপূর্ণ বলে বিবেচিত হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার পর আসিয়ানের কয়েকটি সদস্যদেশ সফর করেছেন তিনি।

তবে এসব সফরে বাধা না দিলেও আসিয়ান নেতারা জানিয়েছেন, মিয়ানমারের রাজনৈতিক সংকট মোকাবিলায় ২০২১ সালের পাঁচ দফা ঐকমত্যই তাদের প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%