০৯:৪৪ পি.এম
ময়মনসিংহ, ২৪ আগস্ট, ২০২৬ : জেলা পরিষদের অর্থায়নে জেলার বিভিন্ন অঞ্চলে ৫২টি উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স।
এ সময় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। সেই লক্ষ্যকে সামনে রেখেই মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
আরও পড়ুন: গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক
এ সময় জেলা পরিষদকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে দাবি করে প্রিন্স আরও বলেন, জেলা পরিষদের মাধ্যমে জনগণের অর্থকে জনগণের কল্যাণে ব্যয় করাই সরকারের প্রধান লক্ষ্য। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায্যতা ও জনকল্যাণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যে ৫২টি উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে, এগুলো কেবল অর্থ বরাদ্দের বিষয় নয়; বরং মানুষের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন এটির সঙ্গে জড়িত। প্রতিটি প্রকল্প যথাযথভাবে ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে। বরাদ্দ করা অর্থ যেন কোনোভাবেই অপচয় না হয়, সেই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, একটি এলাকার উন্নয়ন শুধুমাত্র বড় প্রকল্পের মাধ্যমে হয় না। একটি রাস্তা, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নও মানুষের জীবনমান পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। জেলা পরিষদ মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ কামরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান, প্রধান সরকারি আজিমুল হক, হিসাব রক্ষক মাহমুদুর রহমান তসলিম প্রমুখ।
আরও পড়ুন: কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ
এছাড়া সভায় ময়মনসিংহ জেলার ৫২টি প্রতিষ্ঠানের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন