সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১০:০৮ পি.এম
শীতকালীন মৌসুমি সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ার ফলে শেরপুরের বিভিন্ন হাটবাজারে কিছু সবজির দাম কিছুটা কমে গেছে। তবে সাধারণ ক্রেতাদের মধ্যে এ পরিবর্তনে স্বস্তি ফিরে আসেনি। কারণ, কাঁচামরিচ, নতুন আলু, ডিম, মাছ ও মাংসের দাম এখনও অনেক বেশি। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষরা চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। ফলে সংসারের ব্যয় মেটাতে অনেকেই তাদের কেনাকাটার তালিকা ছোট করতে বাধ্য হচ্ছেন।
সোমবার (২৩ নভেম্বর) শেরপুরের বিভিন্ন বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলার পর এ চিত্র উঠে এসেছে। আলহাজ সরোয়ারদী দুদু মন্ডল নামের এক ক্রেতা দৈনিক ইনকিলাবকে বলেন, "কয়েকটি সবজির দাম কমলেও কাঁচামরিচ, ডিম, মাছ ও মাংসের দাম কমেনি। একটি পণ্যের দাম কমলে অন্যটির দাম বেড়ে যাচ্ছে। আয় তো বাড়েনি, অথচ সংসারের খরচ বেড়েই চলেছে। আগে যে টাকায় বাজার করা যেত, এখন সেই টাকায় অর্ধেক বাজারও করা কঠিন। প্রয়োজনীয় অনেক পণ্য বাদ দিয়েই কোনোমতে বাজার শেষ করতে হচ্ছে।"
সোমবার ঝিনাইগাতী উপজেলার বাজারে গিয়ে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কিছু পণ্যের দাম কমেছে। পুরোনো আলু ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটল ও ঢেঁড়স ৫০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন ৬০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা এবং করলা, বরবটি ও ঝিঙা ৮০ টাকা কেজি। মুলা ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা এবং প্রতিটি লাউ ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন আলুর দাম এখনও ১২০ থেকে ১৫০ টাকা কেজি।
শাকের মধ্যে লালশাকের আঁটি ১৫ টাকা, পালংশাক ২০ টাকা এবং পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে মাছের বাজারে তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৮০ টাকা, রুই ২৮০ থেকে ৩৫০ টাকা এবং কাতলা ৩০০ থেকে ৫০০ টাকা কেজি। আকার ও মানভেদে ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।
ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারের সবজি বিক্রেতা আবুল কাশেম বলেন, "শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম কমেছে। তবে কাঁচামরিচের দাম এখনও বেশি। তাঁরা গারো পাহাড়ের পাইকারি বাজার থেকে সবজি সংগ্রহ করেন। পাইকারি বাজারে যে দামে কিনতে হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই খুচরা বাজারে বিক্রি করতে হয়।"
সংশ্লিষ্ট ক্রেতাদের মতে, বাজারে কয়েকটি সবজির দাম কমলেও সামগ্রিক ব্যয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। কারণ, একটি পরিবারের বাজার শুধু সবজির ওপর নির্ভরশীল নয়। চাল, ডাল, তেল, মাছ, মাংস ও ডিমসহ প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম মিলিয়েই সংসারের ব্যয় নির্ধারিত হয়।
সব মিলিয়ে শীতের সবজি বাজারে আসা শুরু হলেও সাধারণ মানুষের সংসারে স্বস্তি ফিরে আসেনি। বরং আয় ও ব্যয়ের ভারসাম্য রাখতে খাবারের তালিকা ও কেনাকাটায় কাটছাঁট করেই দিন পার করতে হচ্ছে অনেক পরিবারকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ইসলামবাগ বেড়িবাঁধে একটি কারখানায় লাগা আগুন নেভানোর সময় স্লাব ও দেয়ালের ইট খসে পড়ে দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এ দুর্ঘটনাটি ঘটে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায়। আহত ফায়ার ফাইটারদের মধ্যে রয়েছেন জয় রায় (২৫) ও আনোয়ারুল ইসলাম (২৬)।
লালবাগ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার এনামুল হক জানান, উক্ত দুজন লালবাগ স্টেশনের কর্মী। ইসলামবাগ বেড়িবাঁধে সেমিপাকা টিনসেড কয়েকতলা বিশিষ্ট একটি বাড়িতে আগুন লাগে, যেখানে নিচতলায় একটি কারখানা অবস্থিত। খবর পেয়ে, সেখানে আগুন নেভানোর জন্য কয়েকটি ইউনিট উপস্থিত হয়। আগুন নির্বাপণের পর ডাম্পিংয়ের কাজ করার সময় সেখানকার স্লাব ও দেয়ালের ইট খসে পড়ে। এতে আহত হন ওই দুই ফায়ার ফাইটার, যাদের মাথা ও গায়ে ইট পড়েছে। ঘটনার পরপরই তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। জয় রায়ের মাথায় কিছুটা কেটে গেছে। তাদের সিটি স্ক্যান ও এক্স-রে সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনী, ২৩ নভেম্বর ২০২৬ : সোনাগাজী উপজেলায় আজ নতুন উদ্ভাবিত ব্রি-১০৩ ও ব্রি-১০৯ জাতের ধানের শস্য কর্তন এবং মাঠ দিবসের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার বিকালে দক্ষিণ চর চান্দিয়া এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে চলতি আমন মৌসুম উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ফারুক হোসেন খানের সভাপতিত্বে এবং উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আশ্রাফ হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মোছা. সানিয়া তামান্না ও প্রশাসনিক কর্মকর্তা মো. ইকরামুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় কৃষি উদ্যোক্তা আবু সায়েদ রুবেল ও জগন্নাথ চন্দ্র দাস বক্তব্য দেন। এ সময় শতাধিক কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে নতুন উদ্ভাবিত ব্রি ধান-১০৩ ও ১০৯ জাতের ধানের গুণাগুণ ও বৈশিষ্ট্য তুলে ধরে বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ব্রি ধান-১০৩ একটি উচ্চফলনশীল রোপা আমন জাত। এ জাতের জীবনকাল গড়ে ১৩২ দিন (প্রায় ১২৮-১৩৩ দিন)। এর গড় ফলন হেক্টর প্রতি প্রায় ৬ দশমিক ২ টন হয়। উপযুক্ত পরিচর্যা ও অনুকূল পরিবেশে এ জাত থেকে হেক্টর প্রতি ৮ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ধানের দানা লম্বা ও চিকন হওয়ায় চালের বাজার মূল্য পাওয়ার ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে। জাতটির বীজতলা বপনের উপযুক্ত সময় ১৫ জুন থেকে ৭ জুলাই। ২৫-৩০ দিন বয়সী চারা সাধারণত ৭ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে রোপণ করা যায়।
তারা জানান, ব্রি ধান-১০৯ উপকূলীয় জোয়ার-ভাটা প্রবণ এলাকার জন্য উদ্ভাবিত একটি রোপা আমন জাত। এ জাতের জীবনকাল প্রায় ১৪৭ দিন। জোয়ার-ভাটা মুক্ত এলাকায় পরীক্ষায় হেক্টর প্রতি গড় ফলন পাওয়া গেছে ৬ দশমিক ৩২ টন এবং জোয়ার-ভাটা প্রবণ এলাকায় ৫ দশমিক ৪০ টন। উপযুক্ত পরিবেশ ও সঠিক পরিচর্যায় এ জাত থেকে হেক্টর প্রতি ৬ দশমিক ৬৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। জাতটি উপকূলীয় এলাকার কৃষকদের জন্য বিশেষ সম্ভাবনাময়। এ ধানের দানা মাঝারি মোটা এবং এতে উচ্চমাত্রার প্রোটিন রয়েছে।
মাঠ দিবসে কৃষকদের নতুন জাতের ধান চাষের অভিজ্ঞতা তুলে ধরা হয় এবং উন্নত বীজ, সঠিক সময়ে চারা রোপণ, সার ব্যবস্থাপনা ও পরিচর্যার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহ, ২৩ নভেম্বর ২০২৬ : জেলার কালীগঞ্জ উপজেলায় আজ ৪৫০ পিস ইয়াবা সহ আরিফ লস্কর (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ সোমবার বিকালে কালীগঞ্জ শহরের চাপালী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
আটককৃত আরিফ লস্কর কালীগঞ্জ শহরের চাপালী এলাকার মৃত মহিউদ্দিন লস্করের পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফ লস্করকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং জব্দকৃত ইয়াবাসহ তাকে থানায় সোপর্দ করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযানের ফলে শত বছরের পুরোনো জলপাইগাছের বাগান প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এসব বাগান একসময় গাজার কৃষি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল। তবে যুদ্ধ, জমি সমতল করা, পানির সংকট এবং কৃষিজমিতে প্রবেশে বিধিনিষেধের কারণে গাজার জলপাই চাষের ঐতিহ্য ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে স্থানীয় মানুষের খাদ্যনিরাপত্তা ও জীবিকা মারাত্মক সংকটে পড়েছে।
গাজার শহরের একটি ব্যস্ত সড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে ফালাফেল ভাজছেন জাহের কাশকো। পরিবারকে খাবার দিতে এখন এ কাজই তার একমাত্র উপায়। যুদ্ধের আগে অক্টোবর মাস এলেই তার জীবনে জলপাই সংগ্রহ ও তেল উৎপাদনের ব্যস্ততা শুরু হতো। শহরের পূর্ব দিকে ছিল তার নিজস্ব জলপাই তেলের কারখানা।
বর্তমানে তার জমি ও তেলের কারখানা ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণাধীন ‘রেড জোনের’ পেছনে পড়ে আছে। প্রায় ৫ ডানাম আয়তনের জলপাইবাগানটি ২০০ বছর ধরে তাদের পরিবারের মালিকানায় ছিল। সেখানে ছিল ৪০টি পরিণত জলপাইগাছ। ভালো বৃষ্টির মৌসুমে এসব গাছ থেকে ১০ থেকে ১২ টন জলপাই পাওয়া যেত। অপেক্ষাকৃত খারাপ মৌসুমেও উৎপাদন হতো অন্তত ৬ টন।
কিন্তু যুদ্ধে কাশকো পরিবারের ১৫০ সদস্য নিহত হয়েছেন। তাদের জলপাইবাগান ও তেল উৎপাদনের কারখানা ধ্বংস হয়ে গেছে। ফলে এখন ফুটপাতে ফালাফেল বিক্রি করছেন জাহের। গাজার দক্ষিণে কৃষক হায়দার আবু মদিন মাটি থেকে শুকনো জলপাইয়ের একটি ডাল তুলে অনুর্বর জমিতে ছুড়ে ফেলেন। তিনি বলেন, "যুদ্ধের আগে এই জমি গাজার সবচেয়ে উর্বর ও সমৃদ্ধ জলপাইবাগানগুলোর একটি ছিল।"
যুদ্ধের আগে হায়দার ও তার ভাইদের যৌথ মালিকানায় ৯২৪ ডানাম জমিজুড়ে বিস্তৃত একটি বিশাল জলপাইবাগান ছিল। সেখানকার গাছগুলো থেকে বছরে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টন জলপাই উৎপাদিত হতো। এসব জলপাই থেকে প্রায় ৯০০ ব্যারেল বিশুদ্ধ তেল পাওয়া যেত।
কিন্তু ইসরাইলের নির্ধারিত ‘ইয়েলো লাইন’ তার জমিকে দুই ভাগে বিভক্ত করেছে। এক অংশে ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণ থাকায় সেখানে যেতে পারেন না তিনি। অন্য অংশ বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এখন সেখানে মাত্র ৩০টি গাছ টিকে আছে। সেগুলো থেকেও এবার দুই ব্যারেলের বেশি তেল পাওয়ার সম্ভাবনা নেই।
ইন্ডিপেনডেন্টকে হায়দার বলেন, "আগে এই বাগানের ফসল দিয়ে পুরো মধ্যাঞ্চলের মানুষের জলপাই ও তেলের চাহিদা পূরণ করা সম্ভব হতো।"
গাজার ‘সবুজ ফুসফুস’ ধ্বংস
বছরের পর বছর ধরে জলপাইগাছকে গাজার কৃষির ‘মুকুটমণি’ হিসেবে বিবেচনা করা হতো। উপত্যকার মোট ফলের বাগানের প্রায় ৬০ শতাংশজুড়ে ছিল জলপাইবাগান। ঘনবসতিপূর্ণ গাজার শহরগুলোর সবুজ ফুসফুস হিসেবে পরিচিত এসব বাগান স্থানীয়ভাবে জলপাই ও তেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
গাজার কৃষি মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে খাদ্যনিরাপত্তা ও কৃষিপণ্যের সরবরাহব্যবস্থা বিশেষজ্ঞ মোহাম্মদ আবু ওদেহ জানিয়েছেন, ইসরাইলি সামরিক অভিযানের কারণে গাজায় জলপাই চাষের জমির পরিমাণ ৯০ শতাংশ কমে গেছে। যুদ্ধের আগে প্রায় ৫০ হাজার ডানাম জমিতে জলপাই চাষ হতো। ২০২৬ সালের মৌসুমে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫ হাজার ডানামে।
কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বুলডোজার দিয়ে উপড়ে ফেলা ও ধ্বংস করা হয়েছে প্রায় ১৮ লাখ ৫০ হাজার জলপাইগাছ। যুদ্ধের আগে গাজায় প্রায় ২০ লাখ গাছ ছিল। এখন টিকে আছে মাত্র দেড় লাখ। অর্থাৎ উপত্যকাটির মোট জলপাইগাছের ৯২ দশমিক ৫ শতাংশই হারিয়ে গেছে।
এর প্রভাব পড়েছে উৎপাদনেও। আগে বছরে ৪০ হাজার টন জলপাই উৎপাদিত হলেও এখন তা কমে দাঁড়িয়েছে ৫ হাজার টনে। একইভাবে জলপাই তেলের উৎপাদন ৫ হাজার টন থেকে কমে মাত্র ৭০০ টনে নেমেছে। এর ফলে গাজাবাসীর পরিবারের খাদ্যচাহিদা পূরণে প্রয়োজনীয় জলপাইয়ের ৮৫ শতাংশ ঘাটতি তৈরি হয়েছে।
দৃশ্যমানতা বাড়ানোর নামে বাগান উজাড়
যুদ্ধের সময় জলপাইবাগান ধ্বংসের ঘটনাগুলোকে পরিকল্পিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত জানুয়ারিতে ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ দেশটির সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের অভ্যন্তরীণ বিরোধের একটি বিরল ঘটনা প্রকাশ করে। এতে বলা হয়, গাজায় জমি ও গাছপালা পরিষ্কারের জন্য ইসরাইলি বেসামরিক নাগরিকদের কাছ থেকে ভারী কৃষিজন্ত্র ধার নিয়েছিল সেনাবাহিনীর একটি ইউনিট। পরে সেনাসদস্যদের দিয়েই সেসব যন্ত্র পরিচালনা করা হয়।
সে সময় ইসরাইলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা এর পক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, এ ধরনের যন্ত্র সাধারণত গাছপালা সরানো ও জমি সমতল করার কাজে ব্যবহার করা হয়। এলাকায় আরও ভালোভাবে নজরদারি নিশ্চিত করতে সেনারা এসব কাজ করছে।
কিন্তু কৃষি গবেষক নিজার আল-ওয়াহিদি ইন্ডিপেনডেন্টকে বলেন, ইসরাইলি সেনাবাহিনী জলপাইগাছকে এমন বাধা হিসেবে বিবেচনা করে, যা তাদের নজরদারিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই গুলির লক্ষ্যবস্তু নির্ধারণের পথ পরিষ্কার রাখতে এসব গাছ সরিয়ে ফেলা হচ্ছে। কিন্তু কয়েক ঘণ্টায় যন্ত্র দিয়ে যা ধ্বংস করা যায়, তা পুনরায় গড়ে তুলতে বছরের পর বছর সময় লাগে।
তিনি বলেন, গাজার আল-সুরি ও আল-নাবালি বালাদি জাতের জলপাইগাছ মৌসুমি ফসল নয়, যা একই বছরে রোপণ ও সংগ্রহ করা যায়। এগুলো দীর্ঘজীবী গাছ। স্বাভাবিক পরিবেশে একটি চারা রোপণের পর ফল ধরতে পাঁচ থেকে নয় বছর সময় লাগে। আর পরিচর্যা, ছাঁটাই ও সেচের মাধ্যমে পূর্ণ উৎপাদনক্ষমতা অর্জন করতে কয়েক দশক লেগে যায়।
নিজার আল-ওয়াহিদির মতে, এত বিপুলসংখ্যক গাছ উপড়ে ফেলার কারণে গাজা উপত্যকাকে পুরো একটি প্রজন্ম ধরে খাদ্য ও কৃষি ঘাটতির মুখে থাকতে হতে পারে।
‘গুলির শব্দ শুনতে পাই’
যুদ্ধের আগে খান ইউনিস, দেইর আল-বালাহ ও উত্তর গাজা—এই তিন গভর্নরেটেই উপত্যকার মোট জলপাইবাগানের ৭৫ শতাংশ ছিল। এসব বাগানের বেশির ভাগই সীমান্ত বেড়ার কাছাকাছি পূর্ব ও উত্তরাঞ্চলে অবস্থিত।
ভৌগোলিক অবস্থানের কারণে স্থল অভিযান শুরুর পর এসব বাগানই প্রথম ধ্বংসের শিকার হয়। বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ ভূখণ্ড ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে এসব এলাকায় যাওয়ার অনুমতি পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।
পূর্ব দেইর আল-বালাহতে কৃষক আতিয়া আল-আত্তার তার চার ডানাম জমিতে টিকে থাকা ৫০টি জলপাইগাছ থেকে ফল সংগ্রহের কাজ তদারক করছেন। এ কাজে তার সঙ্গে রয়েছেন পাঁচজন শ্রমিক। তবে পুরো সময় তাদের ওপর নজর রাখছে ইসরাইলি সামরিক বাহিনীর একটি ক্রেন, যা খোলা মাঠে তাদের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছে।
সালাহ আল-দিন সড়কের কাছে টিকে থাকা কয়েকটি গাছ থেকে জলপাই সংগ্রহ করছেন শ্রমিক আহমেদ খাদের। যুদ্ধের আগের দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, "ভালো সময়ে এই জমিতে টানা দুই মাস কাজ করতেন। কিন্তু এবার তাকে ইয়েলো লাইনের একেবারে পাশে কাজ করতে হচ্ছে। সেখানে গুলির শব্দ শোনা যায়। তিনি ভয় ও আতঙ্কের মধ্যে থাকলেও সন্তানদের মুখে খাবার তুলে দিতে কাজ করতে বাধ্য হচ্ছেন।"
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজার কৃষিজমির পরিমাণ ও ব্যবহারযোগ্যতা কমতে থেকেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, বড় ধরনের সামরিক অভিযান বন্ধ হওয়ার পরও ২০২৬ সালের জুনে গাজার মোট কৃষিজমির মাত্র ৩ শতাংশ ব্যবহারের সুযোগ পেয়েছিলেন কৃষকেরা। তবে আগস্টে প্রবেশের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হলে তা কমে দাঁড়ায় মাত্র ২ দশমিক ২ শতাংশে।
গত জুলাইয়ে প্ল্যানেট ল্যাবসের ধারণ করা স্যাটেলাইট ছবিতে মধ্য ও উত্তর গাজায় ইসরাইলি বাহিনীকে কৃষিজমিতে আগুন দিতে দেখা যায়। এতে প্রায় ১৬ বর্গকিলোমিটার কৃষিজমি পুড়ে যায়। বিশেষ করে পূর্ব জাবালিয়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
কৃষক তাহানি আল-নাজ্জার বলেন, "এর প্রভাব বহুদূর পর্যন্ত বিস্তৃত। মানুষ শুধু ঘরবাড়িই হারায়নি, হারিয়েছে জীবিকার উৎসও। পুরো গাজা তার খাদ্য উৎপাদনের সক্ষমতা হারিয়েছে।"
‘লনমাওয়ার’ সামরিক নীতি
ইসরাইল বড় পরিসরে বুলডোজার দিয়ে কৃষিজমি ও বাগান ধ্বংসের ঘটনাকে সামরিক প্রয়োজনীয়তা হিসেবে দেখছে। দেশটির দাবি, কৃষিজমির ভেতরে হামাসের লুকিয়ে রাখা সুড়ঙ্গের প্রবেশপথ ও রকেট উৎক্ষেপণকেন্দ্র শনাক্ত এবং ধ্বংস করতেই এসব অভিযান চালানো হচ্ছে।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এলা ওয়াওয়েয়া বলেন, "৭ অক্টোবরের মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবং হামাসকে পুনর্গঠিত হওয়া থেকে বিরত রাখতে সংগঠনটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে ইসরাইলে ঐকমত্য রয়েছে।"
টাইমস অব ইসরাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, "গাজা সীমান্তে তাদের একটি সামরিক নীতি রয়েছে, যা ‘লনমাওয়ার’ বা ঘাস কাটার যন্ত্রের মতো কাজ করে। এর উদ্দেশ্য হলো কোনো হুমকি বড় হওয়ার আগেই তা নির্মূল করা। এসব এলাকা পরিষ্কারের কাজ সেনাবাহিনীর আইন বিভাগের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে, যাতে গাজার কিছু অংশ আলাদা করে নেওয়ার সিদ্ধান্তের পক্ষে আইনি যুক্তি তৈরি করা যায়।"
তবে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক সদস্য ও কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের ‘দ্য পেরিমিটার’ শীর্ষক প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে এসেছে। গাজায় দায়িত্ব পালন করা সেনাসদস্যদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনে বলা হয়েছে, কোনো এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সেখানে পরিকল্পিতভাবে বাগান ও কৃষিজমি সম্পূর্ণ সমতল করার অভিযান চালানো হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর এক মেজর তার সাক্ষ্যে বলেন, "ডি৯ বুলডোজার দিয়ে জমি সমতল করে একটি উন্মুক্ত ও জনশূন্য বেষ্টনী তৈরি করা হচ্ছে। আগে যেখানে মাঠ ও বাগান ছিল, সেখানে মাটি খুঁড়ে সমান করতে প্রতিদিন ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করা হয়।"
হারিয়ে যাচ্ছে প্রাচীন জলপাইয়ের জাত
মধ্য গাজায় নিজের জমিতে টিকে থাকা ক্ষতিগ্রস্ত গাছগুলো পরীক্ষা করছেন কৃষক কামেল বারাকা। এ বছরের ফলনের সঙ্গে আগের বছরগুলোর তুলনা করে তিনি বলেন, "যুদ্ধের আগে একটি গাছ থেকে প্রায় ১০০ কেজি জলপাই পাওয়া যেত। এখন সেই গাছ থেকে সর্বোচ্চ ৩০ কেজি ফল পাওয়া যাচ্ছে।"
প্রতিটি গাছে ফলন কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ পানির সংকট। এফএওর তথ্য অনুযায়ী, গাজার ৮৬ দশমিক ৭ শতাংশ কৃষি নলকূপ ধ্বংস হয়ে গেছে। আগে বাগানে সেচ দেওয়ার জন্য ব্যবহৃত ২ হাজার ২৬১টি নলকূপের মধ্যে এখন মাত্র ৩০১টি অক্ষত রয়েছে। তবে সেগুলোর মধ্যে কৃষকেরা ব্যবহার করতে পারছেন মাত্র ১৯৫টি।
পানির অভাবে গাজার জলপাই তেলের ঐতিহাসিক সুনাম তৈরি করা প্রাচীন জাতগুলোর অস্তিত্বও হুমকির মুখে পড়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আল-সুরি জাতের জলপাইয়ের। এটিকে গাজার সবচেয়ে উন্নত মানের জলপাই তেলের উৎস হিসেবে বিবেচনা করা হয়। এর শুকনো শাঁসের ওজনের ৩৮ দশমিক ৮ শতাংশ পর্যন্ত তেল পাওয়া যায়।
আল-সুরির পাশাপাশি নাবালি আল-বালাদি জাতটিও এখন প্রায় হারিয়ে গেছে। স্থানীয়ভাবে এটি ‘রুমি’ নামে পরিচিত। এই জাতের জলপাইয়ের বিচি ছোট, যা ফলের মোট আয়তনের ১৭ শতাংশের বেশি নয়। একইভাবে চেমলালি জাতের জলপাইও সংকটে পড়েছে। গাজার লবণাক্ত ও শুষ্ক মাটির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিশেষ ক্ষমতা ছিল এই জাতের।
গাজার কৃষি মন্ত্রণালয়ের জলপাই বিভাগীয় পরিচালক আহেদ আল-রিফি বলেন, "কৃষকেরা নিজেদের জমিতে যেতে পারছেন না। পাশাপাশি সার ও কীটনাশকের সংকট এবং গাছের ডালপালা ছাঁটাই করতে না পারার কারণে অবশিষ্ট বাগানগুলোও রোগ ও পোকার আক্রমণের ঝুঁকিতে পড়েছে।"
তিনি আরও বলেন, "কীটনাশক ব্যবহার করতে না পারায় আল-সুরি জাতের গাছে জলপাই ফলের মাছির আক্রমণ হয়েছে। অন্যদিকে নাবালি গাছে ময়ূরচোখ রোগ ও কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে গাছের পাতা ঝরে যাচ্ছে এবং ফসল সংগ্রহের মৌসুমের আগেই জলপাই শুকিয়ে যাচ্ছে।"
কৃষিজমি পরিণত হয়েছে মরুভূমিতে
দক্ষিণ গাজার খান ইউনিস গভর্নরেটে উপত্যকার মোট জলপাই চাষের জমির ৩৪ শতাংশ ছিল। সেখানকার পূর্বাঞ্চলীয় আবাসান আল-কাবিরা শহরের ৯৩ শতাংশ ভবন ও জলপাইবাগান ধ্বংস হয়েছে বলে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে।
যুদ্ধের বিরতির সময় কয়েকবার নিজের জমিতে যাওয়ার চেষ্টা করেছিলেন কৃষক আমর আবু নাসিরা। গাছগুলোর অবস্থা দেখতে গিয়ে তিনি কিছুই খুঁজে পাননি। তার ভাষায়, "মাঠগুলো মরুভূমিতে পরিণত হয়েছে, কৃষিকাজের সরঞ্জাম উধাও এবং ভেড়াগুলো মারা গেছে। সবকিছুই নিশ্চিহ্ন হয়ে গেছে।"
কাছাকাছি এলাকার আরেক কৃষক সুহাইল কাদিহ একবার নিজের জমিতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। তিনি বলেন, "যে মাটি থেকে একসময় নানা জাতের জলপাই ও ফল উৎপাদিত হতো, সেখানে এখন মাইন পুঁতে রাখা হয়েছে এবং অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে আছে। এমন পরিস্থিতিতে নতুন করে চাষাবাদ শুরু করা প্রায় অসম্ভব।"
অন্যদিকে খান ইউনিসের পূর্বাঞ্চলের কৃষিজমি ধ্বংসের ঘটনাকে ‘নিরাপত্তার প্রয়োজনীয়তা’ হিসেবে ব্যাখ্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, ওই এলাকায় হামাসের অবকাঠামোর শতাধিক স্থাপনা ধ্বংস এবং সুড়ঙ্গের কয়েক ডজন প্রবেশপথ শনাক্ত করা হয়েছে।
ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিখাই আদরাই জোর দিয়ে বলেন, "এসব এলাকায় তাদের নীতি হলো কাউকে ইসরায়েল সীমান্তের কাছে যেতে না দেওয়া।"
নীরব হয়ে পড়েছে জলপাই তেলের কারখানা
দেইর আল-বালাহর আবু জাইদান জলপাই তেল কারখানায় দুপুর ১টার দিকে যন্ত্রপাতি চালু হয়। কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা পাঁচ টন জলপাই কারখানার আঙিনায় জমা হওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর শুরু হয় তেল উৎপাদনের কাজ।
কারখানায় জলপাই প্রক্রিয়াজাত করা হয় চারটি ধাপে। প্রথমে জলপাই ধুয়ে পাতা ও ধুলাবালি পরিষ্কার করা হয়। এরপর পাথরের চাকিতে পিষে পেস্ট তৈরি করা হয়। তৃতীয় ধাপে সেন্ট্রিফিউজ যন্ত্রের মাধ্যমে পানি থেকে তেল আলাদা করা হয়। সবশেষে তেল পরিশোধন করে বোতলজাত করার জন্য প্রস্তুত করা হয়।
কারখানার মালিক ফাওয়াজ জিদান বলেন, "যুদ্ধের আগের সব বছরের তুলনায় এবারের মৌসুম সম্পূর্ণ ব্যর্থ। কারণ জলপাই নেই। এমনকি এ বছরের তেলও বিশুদ্ধ বলে মনে হচ্ছে না। রকেটে ব্যবহৃত রাসায়নিকের কারণে তেল দূষিত হয়ে থাকতে পারে।"
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় আগে প্রায় ৪০টি জলপাই তেল উৎপাদনের কারখানা চালু ছিল। এখন সীমিত সক্ষমতায় চালু রয়েছে মাত্র সাতটি।
কারখানাগুলোর ধ্বংসের কারণে তেল উৎপাদনের লাইন ৬৮টি থেকে কমে ১৫টিতে দাঁড়িয়েছে। প্রতি ঘণ্টায় এসব কারখানার মোট উৎপাদনক্ষমতা ১৫০ টন থেকে কমে ২৫ টনে নেমেছে। আগে টানা তিন মাস ধরে জলপাই প্রক্রিয়াজাত করা হলেও এখন তা কমে মাত্র দুই সপ্তাহে দাঁড়িয়েছে, তাও বিরতি দিয়ে।
জলপাই প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণশিল্পও রেহাই পায়নি। আগে ১৪টি আচার তৈরির কারখানা থাকলেও এখন চালু রয়েছে মাত্র তিনটি। এসব কারখানার উৎপাদনক্ষমতা ১ হাজার ৫০০ টন থেকে কমে মাত্র ২০০ টনে নেমেছে।
এ ধ্বংসযজ্ঞের প্রভাব পড়েছে কর্মসংস্থানে। জলপাই খাতের সঙ্গে যুক্ত কৃষকের সংখ্যা প্রায় ২০ হাজার থেকে কমে মাত্র ১০০ জনে দাঁড়িয়েছে। একইভাবে ফসল সংগ্রহের শ্রমিকের সংখ্যা ৩ হাজার থেকে কমে প্রায় ২০০ জনে নেমেছে। তাদের অধিকাংশই এখন পুরো দিনের মজুরিও পান না।
বাজারে জলপাই মিলছে মাত্র ১২ কেজি
গাজা শহরের কেন্দ্রস্থলে আল-সারায়া বাজারের ফুটপাতে ছোট একটি কাঠের স্টলের পেছনে বসে আছেন তরুণ খালেদ আবু কামিল। তার সামনে সাজানো জলপাইয়ের পরিমাণ সর্বোচ্চ ১২ কেজি।
ইন্ডিপেনডেন্ট অ্যারাবিয়াকে খালেদ বলেন, "আগের বছরগুলোতে অক্টোবর মাসে জলপাই বিক্রির সময় ফুটপাত বড় বড় বস্তায় ভরে যেত। কিন্তু এখন তার কাছে কয়েক কেজির বেশি জলপাই নেই। মানুষও বাড়িতে জলপাইয়ের সরবরাহ যেন শেষ না হয়ে যায়, সে জন্য আউন্স বা পাউন্ড হিসাবে অল্প অল্প করে কিনছে।"
স্থানীয় বাসিন্দা লায়লা আরহিম দোকানের সামনে এসে জলপাইয়ের দাম জানতে চান। দাম শুনে তিনি সেখান থেকে চলে যান। যুদ্ধের আগে গাজার বাজারে প্রতি কেজি তাজা জলপাইয়ের গড় দাম ছিল ১ দশমিক ৫০ ডলার। কিন্তু এবারের মৌসুমে জলপাইয়ের আকার ছোট হয়ে যাওয়ার পরও দাম বেড়ে দাঁড়িয়েছে ১০ ডলারে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, জলপাই সংগ্রহের মৌসুম কৃষকদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে তাদের জমি থেকে খাদ্য ও জীবিকা পাওয়ার সময় হওয়া উচিত। এটি আরেকটি ভয়, ক্ষতি, সহিংসতা ও ধ্বংসের মৌসুম হওয়া উচিত নয়।
বিবৃতিতে আরও বলা হয়, গাজায় স্থানীয় খাদ্য উৎপাদনব্যবস্থা পুনরুদ্ধার করতে হলে কৃষকদের নিজেদের জমিতে নিরাপদ ও অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। বর্তমানে সামরিক নিয়ন্ত্রণরেখার কারণে তারা এসব জমিতে যেতে পারছেন না। পাশাপাশি তাদের বীজ, সার, সেচের সরঞ্জাম ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করাও জরুরি।
সূত্র: ইন্ডিপেডেন্ট
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ