০৯:৩১ এম
ইউक्रেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে রাশিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ককে কাজে লাগিয়ে আলোচনার পথ এগিয়ে নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে নরওয়ে। পাশাপাশি, ইউরোপের সঙ্গে চীনের সম্পর্ক আরও উন্নত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গার স্টোরে।
সোমবার নরওয়ের রাজধানী অসলোতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্টোরে বলেন, রাশিয়ার শীর্ষ নেতৃত্বের সাথে সবচেয়ে ভালো ও সরাসরি যোগাযোগের সুযোগ চীনেরই রয়েছে। সুতরাং, সেই যোগাযোগকে কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে চীনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। স্টোরে জানান, তারা আশা করেন, চান এবং জোর দিয়ে অনুরোধ করেন যে, চীন যেন রাশিয়ার সঙ্গে তাদের সুসম্পর্ক ও যোগাযোগকে কাজে লাগিয়ে যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
তিনি উল্লেখ করেন, ওয়াং ইর সঙ্গে তার বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ। যদিও দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবুও যুদ্ধ বন্ধের উপায়ই ছিল আলোচনা কেন্দ্রবিন্দু।
আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিরোধে চট্টগ্রামের রাজপথে বিএনপি ও জামায়াতের প্রতিবাদ
নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, ইউরোপ ও চীনের মধ্যে অর্থনীতি, বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ রয়েছে। তবে যত দিন ইউক্রেনে যুদ্ধ চলবে এবং চীন রাশিয়ার ঘনিষ্ঠ অংশীদার হিসেবে থাকবে, তত দিন সেই সহযোগিতার সম্ভাবনা সীমিত থাকবে।
এর আগে সোমবার, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইদেও ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের সঙ্গে আলোচনা করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, যুদ্ধ শেষ করার উপায় নিয়ে দুই দেশের আলোচনা ছিল 'গঠনমূলক এবং আশাব্যঞ্জক'। চীন কি রাশিয়াকে আলোচনা টেবিলে আনতে সাহায্য করবে কিনা- এমন প্রশ্নের জবাবে আইদে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি জানান, 'আমি চীনের মুখপাত্র নই। তাই তাদের হয়ে কিছু বলতে পারি না। তবে তারা যে বক্তব্য দিচ্ছে, তাতে কিছু ইতিবাচক ইঙ্গিত রয়েছে।'
নরওয়ের কর্মকর্তারা মনে করেন, যুদ্ধের অবসানের জন্য কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই শান্তি আলোচনা শুরু হওয়া উচিত। তারা মনে করেন, প্রথম ধাপে বর্তমান যুদ্ধরেখা ধরে যুদ্ধবিরতি কার্যকর করা যেতে পারে। এরপর আলোচনা মাধ্যমে পরবর্তী পদক্ষেপ ঠিক করা সম্ভব হবে। এ বিষয়ে স্টোরে বলেন, বর্তমান যুদ্ধরেখা মেনে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া ইউক্রেনের জন্য বড় ধরনের ছাড় হবে। কারণ এতে ইউক্রেনকে নিজেদের ভূখণ্ডের বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে আলোচনায় এগোতে হবে।
আরো পড়ুন
আরও পড়ুন: রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক বিস্ফোরণের শব্দ
৩২৪ মিলিয়ন ডলারের দুর্নীতি, সাবেক জ্যেষ্ঠ চীনা কর্মকর্তার মৃত্যুদণ্ড
ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ড সফর শেষ করে নরওয়েতে যান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। অসলো সফরে তিনি নরওয়ের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে চীনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে রাশিয়া বা ইউক্রেন যুদ্ধের বিষয়টি উল্লেখ করা হয়নি। সেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং সবুজ প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রকাশিত বিবৃতিতে ওয়াং ই বলেন, নরওয়ের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায় চীন, আরো ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তুলতে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেন, ইউক্রেন যুদ্ধের সমাধান 'মানুষ যা ভাবছে, তার চেয়েও কাছাকাছি পৌঁছে গেছে।' তিনি আরও জানান, এ সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করবেন।
আরও পড়ুন: লালবাগে নিষিদ্ধ কার্যক্রমে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন