প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পারিবারিক ভ্রমণ, আনন্দ, আবেগ এবং হাস্যরসের সমন্বয়ে নতুন সিনেমা ‘যাত্রা বিরতি’ বড় পর্দায় আসতে চলেছে। ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং সুমাইয়া শিমু। তাদের সঙ্গে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামানসহ অন্যান্য পরিচিত মুখ।
সিনেমাটির অভিনয়শিল্পী এবং নির্মাতার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে কুয়াকাটায় পুরো ইউনিট নিয়ে শুটিং চলছে। মোশাররফ করিম, সুমাইয়া শিমু এবং দীঘির পাশাপাশি পরিবারের জ্যেষ্ঠ সদস্যের চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। এছাড়া ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ আরও অনেকে রয়েছেন।
৮৪ বছর বয়সী দিলারা জামান শুটিংয়ে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত। ভ্রমণের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, "শুটিংয়ের সুবাদে ঘুরে বেড়ানোর পাশাপাশি তরুণ সহশিল্পীদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাচ্ছি।" এই বয়সে ঘর থেকে বের হওয়ার এমন সুযোগ হাতছাড়া করতে চান না বলেও জানান তিনি।
দীর্ঘ বিরতির পর মোশাররফ করিম এবং সুমাইয়া শিমুকে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে। তারা এর আগে বিভিন্ন কাজে জুটি বেঁধে দর্শকের প্রশংসা অর্জন করেছেন। নতুন সিনেমায়ও তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে নির্মাতার প্রত্যাশা।
‘যাত্রা বিরতি’ নির্মাণের মাধ্যমে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছেন কাজী আসাদ। ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, "উৎসবের সময় পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর যে আনন্দ, সেটিই গল্পের মূল ভাবনা।" সে কারণে ঈদের আবহের সঙ্গে সিনেমাটির গল্প বেশ মানানসই বলে তিনি মনে করছেন।
সুমাইয়া শিমুও দীর্ঘদিন পর নতুন সিনেমায় অভিনয় করছেন। চিত্রনাট্য এবং নিজের চরিত্র পছন্দ হলেও শুরুতে কাজটি নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে অভিনয়ের সিদ্ধান্ত নেন। শিমুর প্রত্যাশা, পর্দায় একটি পরিবারের গল্প দেখতে গিয়ে দর্শকেরা নিজেদের জীবনের নানা মুহূর্ত খুঁজে পাবেন।
মোশাররফ করিমের সঙ্গে পরিচালক কাজী আসাদের আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তার পরিচালিত ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয় করেছেন এই অভিনেতা। ফলে নতুন সিনেমায় কাজের ক্ষেত্রে আগে থেকেই দুজনের মধ্যে বোঝাপড়া রয়েছে। সুমাইয়া শিমুর সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগার কথা জানিয়েছেন মোশাররফ করিম। তিনি গল্পটিও বেশ পছন্দ করেছেন। তবে নিজের কাজটি যথাযথভাবে সম্পন্ন করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার বিশ্বাস, কাজটি ভালোভাবে করতে পারলে দর্শকেরও ভালো লাগবে।
সিনেমাটির গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ এবং আসাদুজ্জামান আবীর। কুয়াকাটাসহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ডিসেম্বর পর্যন্ত সিনেমাটির শুটিং চলবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘যাত্রা বিরতি’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন