০৭:৪৬ এম
সুপ্রিম কোর্ট বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি অথবা অনলাইন কোচিং কার্যক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের (বিচারক) সম্পৃক্ততায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। একইসঙ্গে, কোচিংয়ের প্রচারে বিচারকদের নাম, পদবি, ছবি ও পরিচয় ব্যবহার এবং বাণিজ্যিক কোচিংয়ের জন্য শিক্ষাসামগ্রী তৈরি, প্রকাশ বা সরবরাহের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। প্রধান বিচারপতির অনুমোদনক্রমে জারি করা পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, বিচার বিভাগের সদস্যদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা অক্ষুণ্ন রাখার উদ্দেশ্যে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনার আওতায়, জুডিশিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারবেন না।
আরও পড়ুন: আজ জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে, ভার্চুয়ালি থাকতে পারেন তারেক রহমান-পুতিন
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, বাণিজ্যিক উদ্দেশ্যে কোচিংয়ের প্রচার-প্রচারণায় কোনো বিচারকের নাম, পদবি, ছবি বা পরিচয় ব্যবহার করা যাবে না। কোনো বিচারকও এ ধরনের ব্যবহার অনুমোদন করতে পারবেন না। বিচারিক দায়িত্ব পালনের সুবাদে পাওয়া গোপনীয়, অপ্রকাশিত বা দাফতরিক তথ্য কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসঙ্গে, বাণিজ্যিক কোচিংয়ের জন্য শিক্ষাসামগ্রী প্রস্তুত, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা।
এসব নির্দেশনা লঙ্ঘন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা-সংক্রান্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে পরিপত্রে।
আরও পড়ুন: সরকার ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন