ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্বামী-সন্তানকে হারানোর পর কক্সবাজারে মারা গেলেন তানিয়া সুলতানা


স্বামী-সন্তানকে হারানোর পর কক্সবাজারে মারা গেলেন তানিয়া সুলতানা

কক্সবাজারের রামুতে সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় মো. রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা মারা গেছেন, যেটি ট্রেনের ধাক্কায় ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হন।

আরও পড়ুন: মৌলভীবাজারে আগুনে পুড়ল ৯টি বসতঘর

নিহতদের মধ্যে ছিলেন: কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তার বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সী শিশুকন্যা এবং রুবেলের ছয় মাস বয়সী শিশুকন্যা মাশরুফা। সর্বশেষ মারা যান রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা। নিহত পাঁচজনই একই পরিবারের সদস্য।

নিহতের স্বজনরা জানিয়েছেন, দুর্ঘটনার দিন তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। এসময় কাটিরমাথা রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কাসফিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অন্যদের হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত তানিয়া সুলতানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার সকালে তার মৃত্যু ঘটে।

রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা তানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল, নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রাসেল সরকার ( স্টাফ রিপোর্টার)

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


শাহজাদপুর উপজেলা বিএনপি

শাহজাদপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জননেতা মরহুম হুসাইন শহীদ মাহমুদ গ্যাদনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে শাহজাদপুর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব জননেতা হুসাইন শহীদ মাহমুদ গ্যাদনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ,পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা,শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আল-আমিন হোসেন পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টুসহ উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অভ্যুত্থানের অংশীজন ও রাজনৈতিক নেতাদের পরিবারের নিরাপত্তা চায় সিটিজেন ইনিশিয়েটিভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


জুলাই অভ্যুত্থানের অংশীজন ও রাজনৈতিক নেতাদের পরিবারের নিরাপত্তা চায় সিটিজেন ইনিশিয়েটিভ

জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন, ডাকসু ভিপি সাদিক কায়েম, সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ। সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যেন এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয় এবং রাজনৈতিক নেতাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বে গোপালগঞ্জে সংসদ সদস্য এস এম জিলানী ও ডা. কে এম বাবরের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়াও বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার অভিযোগ পাওয়া গেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।

বিবৃতিতে আরও কিছু ঘটনার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ডাকসু নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা এবং স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন আল ইসলামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।

এসব ঘটনার পাশাপাশি সাম্প্রতিক হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, ককটেল হামলা, লুটপাটসহ সব ধরনের নাশকতা ও রাজনৈতিক সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ। বিবৃতিতে গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়, গত ১৭ ও ১৮ নভেম্বরের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

সিটিজেন ইনিশিয়েটিভ মনে করে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা, নির্বিচার হত্যাকাণ্ড, গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নসহ বিগত ১৫ বছরের শাসনামলের সব মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় অপরাধের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এ লক্ষ্যে, সংগঠনটি সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সর্বস্তরের অংশীজন, সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্য, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা। সাম্প্রতিক সব হত্যাকাণ্ড, হামলা, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী, অর্থদাতা ও নির্দেশদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানানো হয়েছে।

এছাড়াও, জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা এবং বিগত ১৫ বছরে সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, দুর্নীতি ও রাষ্ট্রীয় দমন-পীড়নের নিরপেক্ষ তদন্ত করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব নির্বিশেষে অপরাধীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের পুনর্বাসন, নিরাপত্তা ও যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের আড়ালে হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের দায় এড়ানো যাবে না। অতীতের অপরাধের বিচার যেমন জরুরি, তেমনি বর্তমানের রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ করাও রাষ্ট্রের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের সহিংসতা মোকাবিলায় আগাম কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

বিবৃতির শেষে সিটিজেন ইনিশিয়েটিভ জানায়, তারা প্রতিশোধ নয়; বরং আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধীদের জবাবদিহি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যসেবা প্রান্তিক জনগণের কাছে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


স্বাস্থ্যসেবা প্রান্তিক জনগণের কাছে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে উল্লেখ করেছেন যে, দেশের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানো অত্যন্ত জরুরি।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই বক্তব্য দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী রাষ্ট্রপতিকে আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক একটি বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি প্রদান করেন।

সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, পরিবার পরিকল্পনা জোরদার করতে এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে সরকার একটি বছরব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জনগণকে সচেতন করা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদাগুলি বিগত সরকারের সময়ে চরম অবহেলিত ছিল। বর্তমান সরকার পরিবার পরিকল্পনাসহ স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং সেবার মান বৃদ্ধির মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে এবং হেলথ কার্ডসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী, পরিবার পরিকল্পনা অধিদফতরের ডিজি জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি ও মাউশির ২৯ কোটি টাকার বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


ঢাবি ও মাউশির ২৯ কোটি টাকার বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : শিক্ষা মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে যে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স) পরিশোধ করবে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়।

চিঠির আদেশে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭৩টি হোল্ডিংয়ের বিপরীতে ২৬ কোটি ২ লাখ ৯৮ হাজার ৯৫৬ টাকা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ৯টি হোল্ডিংয়ের বিপরীতে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৮৩ টাকা পৌরকর অনাদায়ী রয়েছে। এই হিসাবে, দুই প্রতিষ্ঠানের মোট বকেয়া পৌরকরের পরিমাণ ২৯ কোটি ২৮ লাখ ১৪ হাজার ৬৩৯ টাকা দাঁড়িয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) একটি নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান। নাগরিকদের সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য এটি নিজস্ব আহরিত রাজস্ব ও সরকারি উন্নয়ন সহায়তা ব্যবহার করে। প্রতিবছর সংস্থাপন ও উন্নয়ন ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নাগরিক সেবার চাহিদা বেড়ে গেলেও সঠিকভাবে রাজস্ব আদায় না হওয়ায় উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনা এবং কাঙ্ক্ষিত সেবা প্রদান করা ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতিতে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনার জন্য সংশ্লিষ্ট দপ্তর দু’টিকে বকেয়া পৌরকর দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%