প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা কলেজের ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণের ঘটনার পর আটক হওয়া ছয় শিক্ষার্থীর একজনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তাসাররুফ তুহিনের একাধিকবার ফোনে যোগাযোগের অভিযোগ উঠেছে। ঢাকা কলেজ ছাত্রদলের এক নেতার দাবি, তুহিন আটক ওই শিক্ষার্থীকে ককটেল সরবরাহ করেছেন।
এ বিষয়ে তুহিনকে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে সাংগঠনিক দায়িত্বে অবহেলার কারণে গত ৩ নভেম্বর তুহিনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে।
রাতের সময় ঢাকার কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা ছয় শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক শিক্ষার্থীদের মধ্যে আপেল মাহমুদ (২০), সাদ মিরাজ খান (২০), আরাফাত মুরসালিন পিয়াস (২০), মো. মিনার (২০), রায়হান আহমেদ নাহি (১৮) এবং শিখন হোসেন (১৭) অন্তর্ভুক্ত রয়েছে। শিখন ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, অন্যরা সাবেক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিব হাওলাদার শিহাব দাবি করেন, আটক শিখনের সঙ্গে তুহিনের যোগাযোগ ছিল। শিহাবের অভিযোগ, তুহিন আটক শিক্ষার্থীকে ককটেল সরবরাহ করেছেন এবং তাদের মধ্যে ফোনে একাধিকবার কথা হয়েছে। এমনকি আটকের ২০ মিনিট আগে তুহিন ফোন করেছিলেন বলেও তিনি দাবি করেন।
শিহাব আরো বলেন, ‘ছাত্রলীগের ছেলেদের ককটেল সরবরাহ করেছেন তুহিন। ওই ককটেল নিয়ে তারা কলেজের হলে বিস্ফোরণ ঘটিয়েছে। যাদের মাধ্যমে ককটেল পাঠানো হয়েছে, তাদের ফোনেও তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে। আমাদের কারো সঙ্গে তাদের ব্যক্তিগত শত্রুতা নেই।’
তিনি জানান, তুহিনের সঙ্গে ওই শিক্ষার্থীর কিছু ভিডিও ও ছবি রয়েছে। শিখনকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে ফোনে কল আসার তথ্য ও ছবিগুলো দেখিয়েছে এবং ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার রাতে তারা দুটি ককটেল ঢাকা কলেজে নিয়ে এসেছিল বলেও দাবি করেন শিহাব।
অন্যদিকে, গত ৩ নভেম্বর সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে তাসাররুফ তুহিনকে কারণ দর্শানোর নোটিশ দেয় ঢাবি শাখা ছাত্রদল। কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ৫ নভেম্বরের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এর পরের অগ্রগতি জানা যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ এবং অভিযুক্ত তাসাররুফ তুহিনকে একাধিকবার ফোন করা হলেও কেউই সাড়া দেননি।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘আটক শিক্ষার্থীদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার মূল রহস্য ও জড়িতদের পরিচয় উদ্ঘাটন করবে। তবে তাদের কাছ থেকে আর কিছু উদ্ধার করা যায়নি।’
তিনি আরো জানান, আটক ব্যক্তিদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর পাশাপাশি ২০২৬ সালে উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) পাস করা কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে শিখন নামের শিক্ষার্থীকে আগে এক ঘটনায় বিজয়-২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘রাতে ঢাকা কলেজে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় হলের শিক্ষার্থীরা কয়েকজন সন্দেহভাজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।’
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন