প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উম্মুল মুমিনিন হজরত সাফিয়া বিনতে হুয়াই (রা.) ছিলেন এক মহীয়সী নারী, যিনি অভিজাত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। জীবনের বিভিন্ন চড়াই-উতরাই পার করে তিনি রাসুলুল্লাহ (সা.)-এর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তিনি ছিলেন আরবের প্রভাবশালী ইহুদি গোত্র বনু নাদিরের প্রধান নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা। তাঁর পরিবার ছিল অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী। তৎকালীন হিজাজ অঞ্চলের ইহুদিদের মধ্যে বনু নাদির ও বনু কুরাইজা গোত্র বিশেষ মর্যাদা ও প্রতিপত্তির অধিকারী ছিল। সাফিয়া (রা.)-এর বাবা হুয়াই ইবনে আখতাবও নিজ গোত্রে অত্যন্ত সম্মানিত ছিলেন। গোত্রের লোকেরা তাঁর নেতৃত্ব ও সিদ্ধান্তকে গুরুত্বের সঙ্গে মেনে চলত।
সাফিয়া (রা.)-এর প্রথম বিয়ে হয়েছিল বনু কুরাইজার বিশিষ্ট ব্যক্তি ও কবি সালাম ইবনে মাশকামের সঙ্গে। তবে তাঁদের দাম্পত্য জীবন বেশিদিন স্থায়ী হয়নি। পরে তিনি হিজাজের প্রভাবশালী ও বিত্তশালী ব্যবসায়ী কিনানা ইবনে আবিল হুকাইকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সপ্তম হিজরিতে খাইবারের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে ইহুদিরা পরাজিত হয় এবং তাদের বহু প্রভাবশালী নেতা নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন সাফিয়া (রা.)-এর বাবা, ভাই ও স্বামী। যুদ্ধের পর তিনি মুসলিমদের হাতে বন্দী হন। যুদ্ধবন্দিদের মধ্যে সাফিয়া (রা.)-ও ছিলেন। গনিমতের মাল বণ্টনের সময় সাহাবি দাহইয়া ইবনে খলিফা আল-কালবি (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে একজন দাসী চাইলে তিনি তাঁকে সাফিয়া (রা.)-কে নিতে বলেন। তবে সাফিয়া (রা.)-এর বংশমর্যাদা ও অবস্থান বিবেচনা করে সাহাবিরা বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে রাসুলুল্লাহ (সা.) তাঁকে নিজের জন্য মনোনীত করেন এবং দাহইয়া (রা.)-কে অন্য একজন বন্দিনী প্রদান করেন।
এরপর রাসুলুল্লাহ (সা.) সাফিয়া (রা.)-কে মুক্ত করে বিয়ে করেন। এভাবেই তিনি দাসত্ব থেকে মুক্তি পেয়ে উম্মুল মুমিনিন তথা মুমিনদের মায়ের মর্যাদা লাভ করেন। তাঁর মুক্তিকেই রাসুলুল্লাহ (সা.) বিয়ের মোহর হিসেবে নির্ধারণ করেছিলেন। মদিনায় ফেরার পথে রাসুলুল্লাহ (সা.) সাফিয়া (রা.)-কে নিজের উটের পিঠে বসিয়ে পর্দা দিয়ে আড়াল করে দেন। এর মাধ্যমে তিনি সাফিয়া (রা.)-এর নতুন মর্যাদা ও সম্মান প্রকাশ করেন। (সহিহ বুখারি, হাদিস : ৪২০০)
উম্মুল মুমিনিন সাফিয়া (রা.)-এর সঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর সম্পর্ক ছিল ভালোবাসা, সম্মান ও আন্তরিকতায় পরিপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) তাঁর অনুভূতি ও মর্যাদার প্রতি বিশেষ যত্নশীল ছিলেন। একবার সফরকালে রাসুলুল্লাহ (সা.) তাঁর স্ত্রীদের মধ্যে সফরের বাহন ভাগ করে দিচ্ছিলেন। সাফিয়া (রা.)-এর উটটি ধীরগতির হয়ে পড়লে তিনি আয়েশা (রা.)-এর উটটি তাঁকে দিতে বললেন, যাতে তিনি সহজে সফর করতে পারেন। এ ঘটনা থেকে স্ত্রীর প্রতি রাসুলুল্লাহ (সা.)-এর মমতা ও যত্নশীলতার পরিচয় পাওয়া যায়। সাফিয়া (রা.)-এর কোনো সন্তান ছিল না। তবে তিনি শিশুদের খুব ভালোবাসতেন। তাদের আদর-যত্ন করতেন এবং সুন্দর পোশাকে সাজাতে পছন্দ করতেন। তাঁর ব্যক্তিত্বে স্নেহ, কোমলতা ও উদারতার সুন্দর সমন্বয় ছিল।
উম্মুল মুমিনিন সাফিয়া (রা.) ছিলেন জ্ঞানী ও প্রজ্ঞাবান নারী। রাসুলুল্লাহ (সা.)-এর সান্নিধ্য থেকে তিনি দ্বীনের বহু বিষয় শিখেছিলেন। তাঁর কাছ থেকে পরবর্তী সময়ে হাদিস ও বিভিন্ন ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন করেছেন অনেকেই। তাঁর বর্ণিত হাদিসের সংখ্যা ১০টি বলে উল্লেখ করা হয়। তাঁর মাধ্যমে বর্ণিত হাদিসগুলো পরবর্তী প্রজন্মের কাছে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও শিক্ষার গুরুত্বপূর্ণ স্মারক হয়ে আছে।
সাফিয়া (রা.) ছিলেন আত্মমর্যাদাসম্পন্ন ও স্পষ্টভাষী। একবার তাঁর এক দাসী খলিফা হজরত উমর (রা.)-এর কাছে অভিযোগ করেন, সাফিয়া (রা.) এখনো ইহুদি রীতিনীতির প্রতি অনুরাগী এবং ইহুদিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। অভিযোগের বিষয়টি যাচাই করতে ওমর (রা.) তাঁর কাছে লোক পাঠিয়ে জানতে চান। জবাবে সাফিয়া (রা.) অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে বলেন, ‘আল্লাহ আমাকে শনিবারের পরিবর্তে জুমার দিন দান করার পর থেকে শনিবারের প্রতি আমার আর কোনো বিশেষ আকর্ষণ নেই। আর ইহুদিদের সঙ্গে সম্পর্ক রাখার কারণ হলো, তাদের মধ্যে আমার আত্মীয়স্বজন রয়েছে। তাই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি।’
হিজরি ৩৫ সালে বিদ্রোহীরা হজরত উসমান (রা.)-এর বাড়ি অবরোধ করে রাখে। তাঁর ঘরে খাবার ও পানি পৌঁছানোর পথও বন্ধ করে দেওয়া হয়। এমন কঠিন পরিস্থিতিতে সাফিয়া (রা.) তাঁর দাসীর মাধ্যমে হজরত উসমান (রা.)-এর কাছে খাবার ও পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তিনি হিজরি ৫০ সালে তিনি ইন্তেকাল করেন। তাঁকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন