০৯:৫৯ পি.এম
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাজারে দুধে পানি মেশানোর মিথ্যা অভিযোগ তুলে গরুর খামারিদের মাথায় প্রকাশ্যে দুধ ঢেলে অপদস্থ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই গ্রামের হারুন বাঘার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুন দুপুরে খালিয়া এলাকা থেকে কয়েকজন গরুর খামারি টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসেন। এ সময় হাতে একটি ছোট পরীক্ষার যন্ত্র নিয়ে বাজারে হাজির হন এনামুল বাঘা। নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতো উপস্থাপন করে তিনি কয়েকজন দুধ বিক্রেতার দুধ পরীক্ষা করা শুরু করেন। পরে খামারি গোকুলসহ তিনজন বিক্রেতার দুধে পানি মেশানো হয়েছে বলে অভিযোগ তোলেন।
একপর্যায়ে কোনো ধরনের আইনগত কর্তৃত্ব ছাড়াই তিনি খামারি গোকুল ও অপর এক নারী দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে দেন। এ সময় তাদের অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগও ওঠে এবং জনসম্মুখে অপদস্থ করার ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত অনেককে পুরো ঘটনাটি হাসি-ঠাট্টার মধ্যে উপভোগ করতে দেখা যায়।
আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে বিএসটিআই সনদ ছাড়াই চলছে বেকারি পণ্য উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে জনগণ
ঘটনার ভিডিও পরে এনামুল বাঘা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমালোচনার মুখে বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ অভিযান চালিয়ে এনামুল বাঘাকে গ্রেপ্তার করে রাজৈর থানা। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, "অভিযুক্ত এনামুল বাঘাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশের দাবি, এনামুল বাঘার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
আরও পড়ুন: শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করা হয়েছে
এ ঘটনা রাজৈরসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। সাধারণ মানুষের প্রত্যাশা, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে অপমান বা নির্যাতনের মতো ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন