০৬:৪১ এম
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ দেশীয় প্রতিষ্ঠান ইকোলেট (প্রাইভেট) লিমিটেড ১৫ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ১৯৬ কোটি ১৩ লাখ টাকা, বিনিয়োগের পরিকল্পনা করছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ইকোলেট (প্রাইভেট) লিমিটেডের মধ্যে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির অধীনে, ইকোলেট বছরে ৬০ লাখ পিস এলইডি বাল্ব, ডেকোরেটিভ লাইটসহ বিভিন্ন ধরনের ল্যাম্প উৎপাদন করবে। উৎপাদিত পণ্যগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি ৩০৬ জন বাংলাদেশি নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
আরও পড়ুন: সরকার সোলার প্রযুক্তিতে যানবাহনে জ্বালানি সরবরাহের কাজ করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মন্তব্য করেন, "প্রচলিত রফতানি পণ্যের বাইরে বিভিন্ন খাতে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বেপজা পণ্য বহুমুখীকরণে কাজ করছে। এলইডি পণ্যের অন্তর্ভুক্তি বেপজার পণ্য ও রফতানি বহুমুখীকরণের চলমান প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে।"
চুক্তি অনুষ্ঠানে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন এবং ইকোলেট (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোলিমান চুক্তিতে সই করেন। এ সময় বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন