০৮:৪১ পি.এম
বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা না করা হলে দেশে অপরাধ প্রবণতা ও সামাজিক নৈরাজ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এই আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি উল্লেখ করেছেন, বিশাল বেকারত্বের সাথে সমাজে অপরাধ বৃদ্ধির একটি সরাসরি সম্পর্ক বিদ্যমান। হতাশায় ডুবে যাওয়ার আগেই সরকারের উচিত অগ্রাধিকারের ভিত্তিতে বেকার যুবকদের পাশে দাঁড়ানো এবং তাদের আত্মকর্মসংস্থানের জন্য বহুমুখী উদ্যোগ গ্রহণ করা।
আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ড. আতিক মুজাহিদ: বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের উদ্যোক্তা হতে হবে
সভায় বিপ্লবী যুব সংহতির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আউয়াল মাহমুদ সভাপতিত্ব করেন। সাইফুল হক আরো বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হলে দেশের বিপুলসংখ্যক যুবককে অপরাজনীতির জ্বালানি হিসেবে ব্যবহারের ঝুঁকি বৃদ্ধি পাবে। এই বিশাল যুবশক্তির অমিত সম্ভাবনাকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, জনপ্রত্যাশা পূরণে মানুষের জানমাল এবং জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। জনজীবনের জরুরি সংকট সমাধানে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। মানুষের ন্যায্য দাবি-দাওয়ার আন্দোলনকে গুরুত্ব দিয়ে মানবিক ও গণতান্ত্রিক দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।
যুবসমাজের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের যেকোনো অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবী যুবসমাজকে বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যুবসংগঠনগুলোকে আরো শক্তিশালী, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় আরো বক্তৃতা করেন সংগঠনের সদস্যসচিব মীর রেজাউল আলম, যুগ্ম আহ্বায়ক তুহিন রহমান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইব্রাহিম হোসেন রনি, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম রকি, ফেরদৌস মিয়া, নান্টু দাস, রাজু আহমেদ, দেলোয়ার হোসেন ও আরিফ আকবর প্রমুখ।
আরও পড়ুন: রাজনগর উপজেলা জামায়াতের আমির হলেন আবুর রাইয়ান শাহীন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন